কোয়াড দিয়ে শুরু ট্রাম্পের এশিয়া সফর

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে ফিলিপাইনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের জোট কোয়াডের শীর্ষ নেতাদের বৈঠকে যোগ দিতে গতকাল মঙ্গলবার ম্যানিলায় পৌঁছান তিনি। ট্রাম্পের এই এশিয়া সফরের সূচিতে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলন এবং চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বহুল প্রতীক্ষিত একটি ত্রিপক্ষীয় বৈঠক রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ পৌঁছানো ঠেকাতে ওয়াশিংটনের নতুন বিধিনিষেধের মধ্যেই এ সফরটি হচ্ছে। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোটের কোনো বৈঠকে এটিই হতে যাচ্ছে ট্রাম্পের প্রথম অংশগ্রহণ। সর্বশেষ দুই বছর আগে এই জোটের বৈঠক হয়েছিল। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন কোয়াডকে তার পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে দেখতেন।

যুক্তরাষ্ট্রের সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী ও দ্য এশিয়া গ্রুপের সহপ্রতিষ্ঠাতা কার্ট ক্যাম্পবেল মনে করেন, ট্রাম্পের অধীনে কোয়াড জোটের উচ্চাকাক্সক্ষায় কিছুটা ভাটা পড়েছিল। তবে সঠিক সময়ে আবারও এই বৈঠক আয়োজনের কৃতিত্ব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠকের প্রসঙ্গ টেনে ক্যাম্পবেল বলেন, ‘রুবিও হয়তো ভাবছেন যে ত্রিপক্ষীয় বৈঠকে যাওয়ার আগে এটিই সম্ভবত সবচেয়ে ভালো বার্তা হতে পারে। এশিয়ায় আমরা যা কিছুই করি না কেন, তার মূল ভিত্তি হলো যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্ক। প্রেসিডেন্টের অগ্রাধিকার তালিকায় বিষয়টি শীর্ষে নেই এমন ধারণা তৈরি হলে তা আমাদের জন্য উদ্বেগের কারণ হতো।’

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে কোয়াড নেতারা নিজেদের ঐক্য তুলে ধরার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে সমুদ্রপথের নিরাপত্তা, রপ্তানি বিধিনিষেধ, গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হতে পারে। সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, সমুদ্রের তলদেশের কেবল, উদীয়মান প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলায় সহায়তার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।

এর আগে সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বৈশ্বিক বাণিজ্য বিধিনিষেধের মধ্যেও চীন ও আসিয়ানের অর্থনৈতিক অর্জনের প্রশংসা করেন। মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার ব্যক্ত করে তিনি ‘ঐক্যবদ্ধ থাকা, বাইরের হস্তক্ষেপ ঠেকানো এবং একসঙ্গে কাজ করার’ ওপর জোর দেন। চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগের প্রধান উৎস। বাণিজ্যিক ও কূটনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও ৩ লাখ ৯০ হাজার কোটি ডলারের বেশি সমন্বিত জিডিপির ১১ সদস্যের এই জোট যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের সফর ঘিরে উত্তাল হয়ে উঠেছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। গত সোমবার থেকে চলা এ বিক্ষোভ থেকে প্রায় ৩০০ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে কেউ ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ান, আবার কেউ প্ল্যাকার্ডে তাকে বিশ্বের ‘এক নম্বর সন্ত্রাসী’ বলে আখ্যা দেন। এ সময় লাঠি ও ঢাল হাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যানিলার বড় অংশে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘প্যাক্স সিলিকা’ নামের এআই ও গুরুত্বপূর্ণ খনিজবিষয়ক উদ্যোগ নিয়েও আপত্তি রয়েছে বিক্ষোভকারীদের। এ উদ্যোগের আওতায় ম্যানিলার বাইরে একটি প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এ পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সমালোচকরা।

চীনে কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের : চীনে এ সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বৈঠক হলে দুই নেতার মধ্যে পরমাণু কূটনীতি নিয়ে ব্যর্থ প্রচেষ্টা আবারও শুরুর সম্ভাবনা তৈরি হতে পারে। সোমবার হোয়াইট হাউজ থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। তিনি জানান, কিমের সঙ্গে আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এপেকের আয়োজক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। তবে এপেক সম্মেলনে যোগ দিতে কিমের চীনের শেনজেনে উপস্থিত হওয়া অস্বাভাবিক কিছু হবে না।