রুম হিটার

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রুম হিটারের চাহিদা বাড়ে। ঘর উষ্ণ রাখতে উপযোগী অনুষঙ্গ। বিশেষ করে শীতপ্রধান দেশ ও শীতপ্রবণ অঞ্চলে ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে বেশ জনপ্রিয়। রুম হিটার মূলত বিদ্যুৎ বা অন্য জ্বালানির সাহায্যে তাপ উৎপন্ন করে ঘরের পরিবেশ উষ্ণ রাখে। বৈদ্যুতিক হিটারের ইতিহাস উনিশ শতকের শেষভাগের। ১৮৭৯ সালে থমাস এডিসনের বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পর বৈদ্যুতিক তাপ উৎপাদনের প্রযুক্তি বিকাশ লাভ করে। তবে রুম হিটারের একক কোনো আবিষ্কারক নেই। ১৮৯০ সালে জেমস এফ ম্যাকলাফলিনসহ কয়েকজন উদ্ভাবক বৈদ্যুতিক হিটারের নকশার প্যাটেন্ট করেন।

রুম হিটারের বিশেষত্ব হলো, এটি অল্প সময়ে ঘরের তাপমাত্রা বাড়াতে পারে। বহনযোগ্য হওয়ায় প্রয়োজন অনুযায়ী এক ঘর থেকে অন্য ঘরে নেওয়া যায়। সাধারণত রুম হিটার কয়েক ধরনের হয়। ফ্যান হিটার, ইনফ্রারেড বা কোয়ার্টজ হিটার, অয়েল-ফিলড রেডিয়েটর এবং সিরামিক হিটার। প্রতিটির তাপ ছড়ানোর পদ্ধতি ও কার্যক্ষমতা আলাদা। শীতকালে বাইরের তাপমাত্রা কমে যাওয়ায় ঘর ঠা-া হয়ে পড়ে। শিশু, বয়স্ক ব্যক্তি ও শীতকাতর মানুষের স্বস্তির জন্য তাই রুম হিটারের চাহিদা বাড়ে। তবে ব্যবহারের সময় অগ্নিনিরাপত্তা, পর্যাপ্ত বায়ু চলাচল এবং বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শীতপ্রধান দেশে রুম হিটার খুব দরকারি অনুষঙ্গ।