ট্রেক টু এভারেস্ট বেস ক্যাম্প

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গ জয় করা যেমন দুঃসাহসিক অভিযাত্রীর স্বপ্ন, তেমনি এর পাদদেশে অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোও এক অসাধারণ অভিজ্ঞতা। বরফে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা দুর্গম পথ, হিমবাহ, হিমশীতল বাতাস আর প্রতিকূল আবহাওয়ার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে এগিয়ে যেতে হয় এই অভিযানে। গত ১ থেকে ১৮ অক্টোবর পিতা-পুত্রের এক যৌথ অভিযানে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর অভিজ্ঞতা ছিল জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়।

রামছাপ থেকে লুকলা : রোমাঞ্চকর আকাশযাত্রা

ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু। সেখান থেকে সড়কপথে রামছাপ বিমানবন্দর, অতঃপর ছোট আকারের উড়োজাহাজে লুকলা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৮৬০ মিটার উচ্চতায় অবস্থিত লুকলার তেনজিং-হিলারি বিমানবন্দর পৃথিবীর অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিত। আকাশপথে হিমালয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে লুকলায় অবতরণ যেন অভিযানের প্রথম রোমাঞ্চ।

ফাকডিং থেকে নামচে বাজার : উচ্চতার পথে যাত্রা

লুকলা থেকে ফাকডিংয়ের পথ তুলনামূলক সহজ হলেও ঝুলন্ত সেতু, পাহাড়ি নদী ও পাথুরে পথ অভিযানের শুরুতেই শারীরিক সক্ষমতার পরীক্ষা নেয়। দুধকোশী নদীর পাশ দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়ে হিমালয়ের অপূর্ব প্রকৃতি। এরপর শুরু হয় নামচে বাজারের কঠিন আরোহণ। প্রায় ৩,৪৪০ মিটার উচ্চতার এই পাহাড়ি জনপদ শেরপা সংস্কৃতি, বাজার, হোটেল ও পর্যটকদের মিলনস্থল। দীর্ঘ খাড়া পথ, নামচে হিলের চড়াই এবং উচ্চতার প্রভাব সামলানো ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ।

টেংবুচি ও ডিংবুচি : প্রকৃতি, প্রার্থনা ও অভিযোজন

নামচে বাজার থেকে টেংবুচির পথ পাহাড়ের ঢাল বেয়ে এগিয়েছে। প্রায় ৩,৮৬০ মিটার উচ্চতায় অবস্থিত টেংবুচি বৌদ্ধ মঠের জন্য বিখ্যাত। চারপাশে বরফঢাকা পাহাড়, বিশেষ করে আমা দাবলাম পর্বতের অপরূপ দৃশ্য মনকে মুগ্ধ করে। এখান থেকে ডিংবুচির দিকে যাত্রা আরও কঠিন। প্রায় ৪,৪১০ মিটার উচ্চতার ডিংবুচি অভিযোজনের জন্য গুরুত্বপূর্ণ স্থান। এখানে অতিরিক্ত উচ্চতায় শরীরকে মানিয়ে নিতে পর্যাপ্ত বিশ্রাম, ধীরগতিতে হাঁটা এবং পর্যাপ্ত পানি পান অপরিহার্য।

লবুচি ও গোরাকশেপ : তুষার, ঠা-া ও প্রতিকূলতা

ডিংবুচি পেরিয়ে লবুচির পথে প্রকৃতির রূপ বদলে যায়। সবুজের সমারোহ কমে গিয়ে চারদিকে পাথুরে পাহাড়, বরফ ও হিমবাহের বিস্তৃতি দেখা যায়। প্রায় ৪,৯৪০ মিটার উচ্চতার লবুচিতে বাতাসের অক্সিজেনের ঘনত্ব অনেক কম। শ্বাস নিতে কষ্ট, ক্লান্তি ও মাথাব্যথা দেখা দিতে পারে। এরপর প্রায় ৫,১৬৪ মিটার উচ্চতার গোরাকশেপ। এখানে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যেতে পারে। সীমিত সুযোগ-সুবিধার লজে রাত কাটানো এবং ঠা-ার মধ্যে পরদিনের অভিযানের প্রস্তুতি ছিল বিশেষ অভিজ্ঞতা।

এভারেস্ট বেস ক্যাম্প : স্বপ্নের গন্তব্যে পৌঁছানো অবশেষে ৮ অক্টোবর বিকেলে দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছালাম বহুল আকাক্সিক্ষত এভারেস্ট বেস ক্যাম্পে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এই ক্যাম্প এভারেস্ট অভিযাত্রীদের মূল প্রস্তুতি ও অবস্থানস্থল। চারদিকে বিশাল বরফের স্তূপ, খুম্বু হিমবাহ এবং বরফের বিচিত্র গঠন এক অবিশ্বাস্য দৃশ্যের সৃষ্টি করেছে। এভারেস্টের মূল শিখর এখান থেকে সরাসরি দেখা না গেলেও আশপাশের সুউচ্চ পর্বতশৃঙ্গের বিশালত্ব মানুষকে প্রকৃতির কাছে কত ক্ষুদ্র, তা উপলব্ধি করায়। পিতা-পুত্রের একসঙ্গে এই গন্তব্যে পৌঁছানো ছিল আনন্দ, গর্ব ও আবেগের এক অনন্য মুহূর্ত।

খাবার-দাবার ও আবাসন : পুরো অভিযানে খাবারের প্রধান উৎস ছিল পাহাড়ি লজ ও টি-হাউজ। ভাত, ডাল, সবজি, নুডলস, স্যুপ, ডিম, আলু, রুটি ও মোমো ছিল নিয়মিত খাবার। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের বৈচিত্র্য কমে এবং দাম বাড়ে। পর্যাপ্ত ক্যালরি গ্রহণ, গরম খাবার খাওয়া এবং নিয়মিত পানি পান করা জরুরি।

খরচ, ঝুঁকি ও প্রস্তুতি

এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের খরচ নির্ভর করে ভ্রমণকাল, গাইড, পোর্টার, বিমানভাড়া, আবাসন ও খাবারের ওপর। পিতা-পুত্রের এই অভিযানে প্রকৃতির বিশালতা যেমন নতুনভাবে উপলব্ধি করেছি, তেমনি বুঝেছি জীবনের বড় অর্জন কেবল গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলার মধ্যেই তার প্রকৃত আনন্দ। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর স্মৃতি তাই আজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকবে।