ঝাল পুলি
উপকরণ
পুর তৈরি : গাজর আধা কাপ, আলু আধা কাপ, ফুলকপি আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, আস্ত জিরা এক চিমটি, লবণ আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া এক চা চামচ, তেল এক কাপ।
আটার খামির : চালের আটা এক কাপ, পানি এক কাপ, লবণ আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
সব সবজি ছোট কিউব করে কেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে জিরা সম্বার দিন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে সব সবজি, কাঁচা মরিচ কুচি, হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিন। সামান্য পানি দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দিন। নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। এক কাপ ফুটানো পানিতে লবণ ও চালের আটা দিয়ে দিন। চুলার জ্বাল অল্প করে পাঁচ মিনিট ঢেকে রেখে পাঁচ মিনিট পর ভালো করে মেখে খামির বানিয়ে নিন। এবার ছোট রুটি বানিয়ে ভেতরে পুর ভরে পুলি পিঠার মতো বানিয়ে ডুবো তেলে ভেজে নিন।
ফুলকপির মুঠ কাবাব
উপকরণ
সেদ্ধ আলু চারটা, গ্রেট করা ফুলকপি দুই কাপ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি দুই চা চামচ, পাউরুটির গুঁড়া সিকি কাপ, মরিচের গুঁড়া এক চা চামচ, কাবাব মসলা দেড় চা চামচ, জিরার গুঁড়া এক চা চামচ, ধনিয়ার গুঁড়া এক চা চামচ, ধনেপাতা কুচি সিকি কাপ, লবণ এক চা চামচ, ডিম ১টি, ব্রেড ক্রাম আধা কাপ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে আলু ভালো করে ম্যাশ করে নিন। এবার এর মধ্যে ডিম, ব্রেড ক্রাম বাদে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে রাখুন। এবার এই মিশ্রণটাকে ছোট ছোট মুঠোর মতো আকার বানিয়ে নিতে হবে। এবার কাবাবগুলোকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।
ব্রোকলির কচুরি
উপকরণ
ডো তৈরি : ময়দা আধা কাপ, লবণ আধা চা চামচ, চিনি আধা চা চামচ।
পুর তৈরি : ব্রোকলি এক কাপ, মটরশুঁটি আধা কাপ, কাঁচা মরিচ কুচি এক চা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, লবণ আধা চা চামচ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে ময়দার সঙ্গে লবণ, ঘি, চিনি ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এর সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ডো তৈরি করতে হবে। এটা ৩০ মিনিট রেখে দিতে হবে। ব্রোকলি ও মটরশুঁটিগুলো সেদ্ধ করে বেটে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে বেটে রাখা মিশ্রণ দিয়ে দিন। এবার এর মধ্যে কাঁচা মরিচ কুচি দিয়ে দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। ৩০ মিনিট পর এই ডো দিয়ে বড় ও পাতলা রুটি বানাতে হবে। এর ওপর রান্না করা পুর দিয়ে এবার রুটিটাকে চারপাশ থেকে টেনে গোল করে নিতে হবে। এবার এটাকে বেলে গোল লুচির আকারে বানিয়ে নিন। এবার তেলে হালকা আঁচে ভেজে নিন। ভাজা হলে কেটে পরিবেশন করুন।
সরিষা ফুলের পাকোড়া
উপকরণ
মসুর ডাল বাটা ১ কাপ, সরিষা ফুল আধা কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, টালা জিরার গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ, লবণ এক চা চামচ, সরিষার তেল এক কাপ।
যেভাবে তৈরি করবেন
সরিষার তেল বাদে সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে ভালো করে গরম হলে মাখিয়ে রাখা মিশ্রণ থেকে পেঁয়াজু বা পাকোড়ার মতো করে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন। শীতের বিকেলের নাস্তায় সরিষা ফুলের পাকোড়া খুবই সুস্বাদু খাবার।