গাজী মাজহারুল আনোয়ারের নামে সম্মাননা চালু

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রবর্তন করেছে আধুনিক বাংলা গানের অনন্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার। সংগঠনের ২৫তম আসরে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।

এ বিষয়ে তিনি বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ারের নামে এই সম্মাননা পুরস্কার প্রদান আমাদের জাতীয় সাংস্কৃতিক কার্যক্রমেরই একটি অংশ। এটি প্রবর্তনের মাধ্যমে আমরা আমাদের একটি বড় সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারব বলে মনে করছি।’

আগামী ১৬ ডিসেম্বর ২০২৬, বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বাবার স্মরণে প্রবর্তিত এই উদ্যোগ নিয়ে কণ্ঠশিল্পী ও গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র কন্যা দিঠি আনোয়ার বলেন, ‘সিজেএফবির এই সিদ্ধান্ত অত্যন্ত সম্মানজনক। এই সম্মাননা যিনি অর্জন করবেন, এটি তার জন্যও দারুণ গৌরবের হবে বলে আমি বিশ্বাস করি।’

সিজেএফবি জানিয়েছে, প্রবর্তিত এই পুরস্কারের ক্ষেত্রে প্রতি বছর ভিন্ন ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হবে। এর অংশ হিসেবে চলতি বছর একজন সেরা গীতিকারকে এই সম্মাননা দেওয়া হবে। পরবর্তী সময় সুরকার এবং চলচ্চিত্র অভিনয়শিল্পীদেরও এই পুরস্কারের জন্য মনোনীত করা হবে। কারণ, বাংলাদেশের সংস্কৃতির ইতিহাসে গাজী মাজহারুল আনোয়ার কেবল একজন সফল গীতিকারই ছিলেন না, তিনি একাধারে সুরকার, চলচ্চিত্র প্রযোজক ও গুণী পরিচালক হিসেবেও অনন্য অবদান রেখে গেছেন।