মঞ্চে আজ হুমায়ূন আহমেদের নৃপতি

বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হতে যাচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’। আজ বুধবার, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম এই প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা।

হুমায়ূন আহমেদের এই শিল্পকর্মে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং শাসকের খামখেয়ালিপনার নানা চিত্র অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জনগণের মৌলিক অধিকারের বিপরীতে গিয়ে একজন শাসক কীভাবে নিজের খেয়ালিপনা বজায় রাখতে চান এবং দুঃশাসনের জন্ম দেন, তা নাটকের মূল পটভূমিতে উঠে এসেছে। শীতের তীব্র ঠা-ায় দুঃখী মানুষের কষ্ট মেকি আনন্দে ঢাকতে চাওয়ার ব্যর্থ প্রয়াসের মধ্য দিয়ে মূলত পৃথিবীর প্রতিটি স্বৈরশাসকের অনিবার্য পতনের ধ্বনিই এতে প্রতিধ্বনিত হয়েছে।

নির্দেশক বদরুদ্দোজা আশা প্রকাশ করেছেন যে, বিপ্লবী জনতার অধিকার আদায়ের এই চিরন্তন বার্তা দর্শকদের গভীরভাবে আন্দোলিত করবে। নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমানসহ একদল প্রতিভাবান শিল্পী।