ব্যাডমিন্টনে অংশ নিতে ২৪ ঘণ্টার নোটিস!

দেশের মাটিতে দুটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতির মধ্যেই বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতি ক্যাম্পের অনিশ্চয়তা এবং জাতীয় দলের বাইরে থাকা শাটলারদের নিবন্ধনের জন্য স্বল্প সময় দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে ফেডারেশন। বিশেষ করে ব্যক্তিগত খরচে অংশ নিতে আগ্রহীদের জন্য মাত্র এক দিনের নোটিসে এন্ট্রি জমা দেওয়ার নির্দেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খেলোয়াড় ও কর্মকর্তারা।

আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৬। এরপর ২২ থেকে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ ২০২৬। দুটি প্রতিযোগিতাই সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে দুটি টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প নিয়ে এখনো স্পষ্ট নির্দেশনা পাননি খেলোয়াড়রা। জাতীয় শাটলার উর্মি আক্তারের অভিযোগ, ‘আমরা সবাই আশা করছিলাম, টুর্নামেন্টের আগে একসঙ্গে ক্যাম্প করতে পারব। কিন্তু এখন কী হবে, কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। না আমাদের ক্যাম্পে ডাকা হচ্ছে, না অন্য কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে।’

ফেডারেশনের কোচ ও সদস্য, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানাও স্বল্প সময়ের নোটিস নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য অন্তত ১০ থেকে ১৫ দিন আগে নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়া উচিত ছিল। ৩ নভেম্বর স্টিয়ারিং কমিটির সভার পর ৮-৯ নভেম্বর চূড়ান্ত সভা এবং ১৫ বা ১৬ নভেম্বর থেকে অনুশীলন শুরুর পরিকল্পনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

তবে সমালোচনার সঙ্গে একমত নন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল। তার দাবি, জাতীয় দলের খেলোয়াড়দের এন্ট্রি ফেডারেশনই সম্পন্ন করবে। অন্যরা ব্যক্তিগত খরচে অংশ নিতে পারবেন। তাদের জন্যও নিবন্ধন প্রক্রিয়া সহজ রাখা হয়েছে। যদির রবিবার প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে ফেডারেশন জানায়, জাতীয় র‌্যাংকিং অনুযায়ী নির্ধারিত যোগ্যতা পূরণকারী খেলোয়াড়দের ১৬ নভেম্বরের মধ্যে নিজ নিজ ইভেন্টের এন্ট্রি জমা দিতে হবে। পুরুষ এককে ১০-৩২, পুরুষ দ্বৈতে ৩-৮, নারী এককে ৭-১৬, নারী দ্বৈতে ৩-৮ এবং মিশ্র দ্বৈতে ২-৮ র‌্যাংকিংধারীরা এই সুযোগ পাবেন। প্রতি টুর্নামেন্টে এককের এন্ট্রি ফি ৮০ মার্কিন ডলার এবং দ্বৈত ও মিশ্র দ্বৈতের ফি ১০০ ডলার। অর্থাৎ দুটি টুর্নামেন্টে অংশ নিতে ইভেন্ট অনুযায়ী আলাদা ফি দিতে হবে। অনলাইন এন্ট্রির শেষ সময় চ্যালেঞ্জের জন্য ১৭ নভেম্বর এবং সিরিজের জন্য ২৪ নভেম্বর। পাশাপাশি ইডিএফ তৈরির জন্য পাসপোর্টের কপি জমা দিতে হবে।

সাধারণ সম্পাদক শাকিল জানান, জাতীয় দলের বাইরে থেকে পাঁচ-সাতজন খেলোয়াড় অংশ নিতে পারেন। তাদের সঙ্গে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করা হচ্ছে। তবে স্বল্প নোটিস, প্রস্তুতি ক্যাম্পের অনিশ্চয়তা ও সমন্বয়ের ঘাটতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।