লিটনের কীর্তির দিনে বৃষ্টির দাপট

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের খেলা বিঘিœত হয়েছে। দিনের প্রথম সেশনে খেলা হলেও পরে টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে মধ্যাহ্নবিরতির পর একটি বলও আর মাঠে গড়ায়নি। আবহাওয়া খেলার উপযোগী না থাকায় নির্ধারিত সময়ের বেশ আগেই দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা। সব মিলিয়ে খেলা হয় ২৮ ওভার।

গতকাল তৃতীয় দিনের প্রথম সেশনে অবশ্য বল হাতে ছন্দ ফিরে পায় বাংলাদেশ দল। দিনের শুরুতে প্রোট্রিয়া ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে রান তুললেও দ্বিতীয় নতুন বলে ৩ উইকেট শিকার করেন সফরকারীরা। এর মধ্যে ২ উইকেট নেন তাসকিন আহমেদ, অন্যটি হাসান মাহমুদ। ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যান স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রান থেকে তখনো ১৪ রানে পিছিয়ে তারা। রায়ান রিকেলটন ৫৬ ও কাগিসো রাবাদা ৫ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি দুশ্চিন্তা টেম্বা বাভুমাকে নিয়ে। পায়ের চোটে ৪৯ রান নিয়ে উঠে যাওয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুস্থ হয়ে উঠেছেন। আজ আবার ব্যাটিংয়ে নামার কথা আছে তার।

দিনের শুরুতেও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। কনুইয়ের পুরনো চোটের কারণে নিজের ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয় পেসার হাসানকে। পরে অবশ্য ফিরে আসেন তিনি। এর মধ্যে অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিনের হাত ফসকে জীবন পান রিকেলটন। মিরাজের বলে শর্ট কাভারে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান এ ব্যাটসম্যান। আগের দিনও শূন্য রানে একবার জীবন পেয়েছিলেন তিনি।

রিকেলটন ও বাভুমার ব্যাটে এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক পায়ের পেশির চোটে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৫৮ রান। এরপর দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে আক্রমণে আসেন তাসকিন। প্রথমেই উইয়ান মুল্ডারকে শূন্য রানে ফেরান তিনি। নিজের পরের ওভারে মার্কো ইয়ানসেনকেও সাজঘরে পাঠান এই পেসার। এরপর হাসানের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন সায়মন হারমার। মাত্র ১৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েন প্রোটিয়ারা। এই ক্যাচ নিয়ে রেকর্ড গড়েন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে ১২০ রান করার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে উইকেটের পেছনে ইতিমধ্যে ছয়টি ক্যাচ নেন তিনি। এতে টেস্টের এক ইনিংসে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েন লিটন। এর আগে মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের ৫টি করে ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল। একই টেস্টে সেঞ্চুরি এবং এক ইনিংসে ছয়টি ক্যাচ নেওয়ার কৃতিত্বও ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে অর্জন করেন তিনি। এর আগে ১৯৬৬ সালে ডেনিস লিন্ডসে ও ২০১৩ সালে এবি ডি ভিলিয়ার্স এ কীর্তি গড়েন। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করতে লিটনের প্রয়োজন আর একটি ক্যাচ।

তবে এসব ছাপিয়ে দেখিয়েছে বৃষ্টি। মধ্যাহ্নবিরতির পর মাঠ ও সেন্টার উইকেট কাভারে ঢাকা পড়ে যায়। কখনো বৃষ্টি থামে আবার কিছুক্ষণ পর শুরু হয়। এর সঙ্গে যোগ হয় বজ্রপাতও। এতে খেলোয়াড়রা আর মাঠে ফিরতে পারেননি। দ্বিতীয় সেশনের পুরো সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। তৃতীয় সেশনেও খেলা শুরুর মতো আবহাওয়া তৈরি না হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।