রেকর্ড ৮ শিরোপা খুলনার

শিরোপা জিততে শুধুমাত্র হার এড়ালেই চলত। কিন্তু সমীকরণের নিরাপদ পথে হাঁটেনি খুলনা বিভাগ। গতকাল জয়ের দাপটেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতেছে খুলনা। এই জয়ে দীর্ঘ সাত মৌসুমের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি জাতীয় লিগের ইতিহাসে সর্বোচ্চ শিরোপার রেকর্ডও এককভাবে নিজেদের করে নিয়েছে দলটি। আটবারের চ্যাম্পিয়ন হয়ে ঢাকাকে পেছনে ফেলেছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শেষ রাউন্ডের শেষ দিনে খুলনার সামনে লক্ষ্য ছিল ২০১ রানের। শিরোপার সমীকরণে এগিয়ে থাকলেও পেছনে ছিল সিলেটের চাপ। আগের দিন বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে তারা। অন্যদিকে খুলনার সংগ্রহ ছিল ৩১ পয়েন্ট। ফলে তারা রংপুরের বিপক্ষে হারলেই শিরোপা চলে যেত সিলেটের ঘরে। জয় কিংবা ড্রয়ে নিশ্চিত হতো খুলনার চ্যাম্পিয়ন হওয়া। কোনো হিসাব-নিকাশের সুযোগ না রেখে জয় দিয়েই উৎসব সারেন এনামুল হক বিজয়, আজিজুল হাকিম তামিমরা।

প্রথম ইনিংসে রংপুরকে ৩৩৮ রানে থামিয়ে ৩২২ রানে অলআউট হয় খুলনা। ১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রংপুরকে বড় সংগ্রহের সুযোগ দেননি খুলনার বোলাররা। সফর আলীর ৫ উইকেট ও মেহেদী হাসান রানার ৪ উইকেটের তোপে ১৮৪ রানেই গুটিয়ে যায় গত মৌসুমের চ্যাম্পিয়নরা। ২০১ রানের লক্ষ্য তাড়ায় খুলনার দুই ওপেনার বিজয়-তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। ২২ ওভারে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তারা। মাত্র ৩৮ বলে অর্ধশতক পূর্ণ করা বিজয় ৬৮ বলে ১১ চার ও দুই ছক্কায় ৮১ রানে থামেন। তামিম ১২৩ বলে ৭৮ এবং কালাম সিদ্দিকী আলীন ৫৫ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

খুলনার প্রথম ইনিংসে ১৪১ বলে ১৫ চারে ১০৫ রান করেন নুরউল হাসান সোহান। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ৭৪ রান। রংপুরের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করেন আব্দুল্লাহ আল মামুন। মিম মোসাদ্দেকও পুরো আসরে ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান (৮০৪) সংগ্রাহক হওয়ার পাশাপাশি সঙ্গে ১৪টি উইকেটে সহায়তা করে ংআসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পেয়েছেন এক লাখ টাকা এবং টুর্নামেন্ট-সেরা হিসেবে রংপুরের এই অলরাউন্ডার আরও দুই লাখ টাকা পুরস্কার পান।

শেষ রাউন্ডে ব্যক্তিগত অর্জনের লড়াইয়েও নাটকীয়তা ছিল। ঢাকার বিপক্ষে চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৭১ রানে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির (৪১টি) পুরস্কার নিশ্চিত করেন। শেষ ম্যাচের এই পারফরম্যান্সে নাসুম আহমেদকে (৪০ উইকেট) টপকে আসরের সেরা বোলার হন তিনি। এই স্বীকৃতির জন্য তিনি পান এক লাখ টাকা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২ ম্যাচে এটি তার ১৫তম ৫ উইকেটের কীর্তি। একই ম্যাচে ঢাকাকে ১৪৩ রানে হারিয়ে তৃতীয় হয়েছে চট্টগ্রাম।

অন্যদিকে সিলেট একাডেমি মাঠে ময়মনসিংহ ও রাজশাহীর ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষ দিনে ময়মনসিংহের ওপেনার খালিদ হাসান সেঞ্চুরি (১০৩ রান) করলেও তার দল দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানে অলআউট হয়। ৩৫২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে রাজশাহী ৮৪ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল। টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন রাজশাহীর নাঈম আহমেদ। পুরস্কার হিসেবে তিনিও পেয়েছেন এক লাখ টাকা।

সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে খুলনা। ৩২ পয়েন্ট নিয়ে রানার্সআপ সিলেট। চ্যাম্পিয়ন হিসেবে খুলনা পেয়েছে ৩০ লাখ টাকা, রানার্সআপ সিলেটের প্রাপ্তি ১৫ লাখ টাকা। ২০১৯-২০ মৌসুমের পর আবারও শিরোপা জিতল খুলনা। এর আগে সাতটি শিরোপা নিয়ে ঢাকার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব ছিল তাদের। এবার অষ্টম শিরোপায় সেই সমতা ভেঙে জাতীয় লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল খুলনা।