নতুন প্রজন্মের মন ও প্রকৃতির টান

সকালে পাহাড়ের গায়ে কুয়াশা। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা। দূরে পাখির ডাক। ক্যাম্পাসের পথ ধরে হাঁটছে একদল শিক্ষার্থী। দৃশ্যটা বেশ চমৎকার। কিন্তু একটু কাছে গেলেই দেখা যাবে, চোখ কেবল পাহাড়ে নয়, স্মার্টফোনের স্ক্রিনেও। কেউ রিল বানাচ্ছে, কেউ স্টোরি দিচ্ছে, কেউ আবার ক্লাসে যাওয়ার পথে চ্যাট করে আলাপ সারছে। প্রকৃতি ডাকছে, নোটিফিকেশনও ডাকছে। কোন ডাকটা বেশি শক্তিশালী?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষাট বছরের ক্যাম্পাসে এখন এমনই এক মজার সহাবস্থান। একদিকে পাহাড়, ঝরনা, সবুজ আর হালদা নদীর প্রাকৃতিক টান। অন্যদিকে স্মার্টফোন, অ্যালগরিদম, কৃত্রিম বুদ্ধিমত্তা আর বৈশ্বিক ডিজিটাল দুনিয়া। এই দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে নতুন প্রজন্ম। তারা প্রকৃতির ছবি তোলে, আবার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েও স্ক্রিন থেকে পুরোপুরি বের হতে পারে না। তারা মিনিমাল জীবন চায়, আবার ডিজিটাল দুনিয়ার অসংখ্য আকর্ষণও ছাড়তে পারে না। তারা পুরনো মূল্যবোধকে প্রশ্ন করে, বিশ্বনাগরিক হতে চায়, আবার নিজের শেকড়ের খোঁজও করে।

তাহলে এই প্রজন্ম কি প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে, নাকি প্রকৃতিকে দেখার নতুন ভাষা তৈরি করছে? বিশ্ববিদ্যালয় কি তাদের শুধু স্ক্রিন থেকে চোখ সরাতে বলবে, নাকি প্রযুক্তি আর প্রকৃতিকে মিলিয়ে শেখার নতুন জায়গা তৈরি করবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে এই প্রশ্নগুলোই নতুন করে ভাবার সময়। কারণ আগামী দিনের ক্যাম্পাস শুধু পাহাড় আর ভবনের হবে না। হবে মানুষ, প্রকৃতি ও প্রযুক্তির এক নতুন সহাবস্থানের জায়গা।

এখানেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাদা আকর্ষণ। শহরের কোলাহল থেকে দূরে হাটহাজারীর এই ক্যাম্পাস যেন প্রকৃতির নিজস্ব এক আয়োজন। পাহাড়ের ঢাল, সবুজ গাছপালা, সমতল ভূমি, ছোট জলধারা আর ঋতুবদলের সঙ্গে বদলে যাওয়া দৃশ্য। দু-কদম দিলেই হালদা নদী। শীতের সকালে কুয়াশায় ঢেকে যায় পাহাড়। বর্ষায় টিলার গা বেয়ে নামে পানি। গ্রীষ্মে বড় গাছের ছায়া হয়ে ওঠে স্বস্তির জায়গা। ক্যাম্পাসের পথ ধরে হাঁটলে কখনো মনে হয়, বিশ্ববিদ্যালয়টি শুধু ভবন আর বিভাগের সমষ্টি নয়। এটি একটি জীবন্ত প্রাকৃতিক ভূখণ্ড।

এই প্রজন্মকে ঠিক আগের প্রজন্মের মাপকাঠিতে বোঝা কঠিন। তাদের ধৈর্য কম, কৌতূহল বেশি। দীর্ঘ বক্তৃতার চেয়ে ছোট ভিডিওতে আগ্রহ। মুখস্থ উত্তরের চেয়ে জানতে চায়, বাস্তবে এর প্রয়োগ কোথায়। ক্লাসে প্রশ্ন করলে কেউ কেউ সঙ্গে সঙ্গেই গুগলে খুঁজে দেখে। কখনো চ্যাটজিপিটির সাহায্য নেয়। শিক্ষক কথা বলছেন, শিক্ষার্থী হয়তো একই সময়ে কয়েকটি তথ্যসূত্র যাচাই করছে। কখনো মনে হয়, আমরা ক্লাস নিচ্ছি, নাকি অ্যালগরিদমের সঙ্গে প্রতিযোগিতা করছি!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষাট বছরের ইতিহাসে একের পর এক প্রজন্ম এসেছে। ১৯৬৬ সালের শিক্ষার্থীরা দেখেছেন এক রকম পৃথিবী। এরপর এসেছে ক্যাসেট, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট ও স্মার্টফোনের প্রজন্ম। একসময় শাটলের জানালায় বসে বন্ধুকে এক পলক দেখাই ছিল যোগাযোগের রোমাঞ্চ। এখন কয়েক সেকেন্ডেই পৃথিবীর অন্য প্রান্তের বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলা যায়। এই পরিবর্তন শুধু যোগাযোগের নয়। বদলে গেছে সম্পর্ক, শেখা, বিনোদন, প্রতিবাদ এবং ভবিষ্যৎ কল্পনার ভাষাও।

বর্তমান প্রজন্মের বেড়ে ওঠার সময়টাও ছিল অন্য রকম। মহামারী তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল চেনা ক্লাসরুম, ক্যাম্পাসের আড্ডা, স্বাভাবিক বন্ধুত্বের অনেকটা সময়। অনলাইন ক্লাস আর ঘরবন্দি জীবনের অভিজ্ঞতা তাদের সামাজিক আচরণে ছাপ ফেলেছে। এরপর তারা দেখেছে চব্বিশের গণঅভ্যুত্থান। দেখেছে, তরুণদের সম্মিলিত কণ্ঠ কীভাবে বড় পরিবর্তনের আলোচনায় জায়গা করে নিতে পারে। ফলে তাদের মধ্যে অধিকার, স্বাধীনতা, ন্যায়বিচার ও ব্যক্তিস্বাতন্ত্র্যের প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে। তারা শুধু নিয়ম মানতে চায় না। জানতে চায়, নিয়মটি কেন আছে।

এই প্রশ্নের সঙ্গে পুরনোদের টানাপড়েন তৈরি হওয়াই স্বাভাবিক। আমরা চাই তারা নিরাপদ পথে চলুক। তারা নতুন পথ তৈরি করতে চায়। আমরা বলি, আগে ডিগ্রি শেষ করো। তারা জানতে চায়, ডিগ্রির বাইরেও দক্ষতা অর্জনের সুযোগ কোথায়? আমরা মধ্যবয়সীরা যখন চাকরির নিশ্চয়তা খুঁজি, তখন তারা ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েশন কিংবা বৈশ্বিক কর্মজগতের স্বপ্ন দেখে। কখনো তাদের প্রত্যাশা বাস্তবতার চেয়ে এগিয়ে থাকে। আবার কখনো আমাদের চিন্তাও পুরনো অভ্যাসে আটকে যায়। সমস্যা তখনই, যখন দুই প্রজন্ম একে অন্যকে বোঝার চেষ্টা না করে বাতিল করে দিতে চায়।

এই নতুন জীবনবোধের আরেকটি দিক আছে। অনেক শিক্ষার্থী অপ্রয়োজনীয় জিনিসের ভিড় কমিয়ে সহজ জীবন চায়। ব্যক্তিগত স্বাধীনতা, মানসিক স্বস্তি, নিজের পছন্দের কাজ এবং পরিবেশের প্রতি দায়িত্বকে গুরুত্ব দেয়। সামাজিক মাধ্যমে তারা বৈশ্বিক নাগরিকত্বের কথা বলে। আবার বিকেলে বন্ধুদের সঙ্গে পাহাড়ের পথে হাঁটে। কেউ ছবি তোলে, কেউ পাখি দেখে, কেউ গাছের ছায়ায় বসে আড্ডা দেয়। সারা দিন স্ক্রিনে থাকা এই তরুণরাই আবার প্রকৃতির কাছে ফিরতে চায়। প্রযুক্তি তাদের জীবনকে দ্রুত করেছে, কিন্তু প্রকৃতির কাছে যাওয়ার আকাক্সক্ষা মুছে দিতে পারেনি।

এই প্রকৃতি নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহ হয়ে উঠতে পারে। কারণ তারা একদিকে ডিজিটাল, অন্যদিকে পরিবেশ সচেতন। তারা জলবায়ু পরিবর্তন নিয়ে পোস্ট করে, জীববৈচিত্র্য নিয়ে ভিডিও দেখে, আবার নিজের ক্যাম্পাসের গাছ বা পাখি সম্পর্কে খুব বেশি জানে কি? এই দূরত্ব ঘোচানোর সুযোগ আছে। ক্যাম্পাসের পাহাড়, বনভূমি, জলধারা ও কাছের হালদা নদী হতে পারে তাদের শেখার খোলা জায়গা। পরিবেশবিজ্ঞানের শিক্ষার্থী মাঠে তথ্য সংগ্রহ করবে। সাংবাদিকতার শিক্ষার্থী তৈরি করবে ভিডিও প্রতিবেদন বা পডকাস্ট। কম্পিউটারবিজ্ঞানের শিক্ষার্থী বানাবে জীববৈচিত্র্যের ডিজিটাল মানচিত্র। এভাবে প্রযুক্তি ও প্রকৃতি একসঙ্গে জ্ঞানচর্চার নতুন দরজা খুলতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, বোটানিক্যাল গার্ডেন এবং ক্যাম্পাসের বৃক্ষবৈচিত্র্য এ ক্ষেত্রে বড় সম্পদ। এগুলোকে শুধু নির্দিষ্ট বিভাগের গবেষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের জন্য আরও উন্মুক্ত করা যায়। গাছ চেনার ডিজিটাল অ্যাপ, পাখি পর্যবেক্ষণের তথ্যভা-ার, পাহাড়ি এলাকার পরিবর্তন নিয়ে নিয়মিত জরিপ কিংবা হালদার পরিবেশ নিয়ে শিক্ষার্থীভিত্তিক গবেষণা হতে পারে নতুন উদ্যোগ। এতে শিক্ষার্থীরা শুধু স্ক্রিন ব্যবহার করবে না, স্ক্রিনের মাধ্যমে বাস্তব পৃথিবীকেও আরও ভালোভাবে চিনবে।

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কেও এই সময়ের দাবি মেনে পরিবর্তন দরকার। ডায়াসে দাঁড়িয়ে শুধু বক্তৃতা দিয়ে নতুন প্রজন্মকে চল্লিশ মিনিটের ক্লাস লেকচারে যুক্ত রাখা কঠিন। একই সঙ্গে তথ্য যাচাই, গভীর চিন্তা, দায়িত্ববোধ ও ধৈর্যের চর্চাও জরুরি আমাদের। এআই উত্তর দিতে পারে, কিন্তু ভালো প্রশ্ন তৈরি করতে শেখায় না। প্রযুক্তি তথ্য এনে দিতে পারে, কিন্তু কোন তথ্য বিশ্বাসযোগ্য, তা বুঝতে বিচারবুদ্ধি লাগে। এই জায়গায় শিক্ষকের অভিজ্ঞতা যেমন দরকার, তেমনি শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি জানাও শিক্ষকদের কাজে আসতে পারে। শেখাটা তাই দুই দিকেই চলুক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে প্রত্যাশা, আগামী ষাট বছরের ক্যাম্পাস হবে প্রকৃতি ও প্রযুক্তির সহাবস্থানের এক অনন্য জায়গা। যেখানে নতুন প্রজন্ম প্রযুক্তির শক্তিতে বিশ্বকে জানবে, আবার পাহাড়, সবুজ ও হালদার জলধারায় নিজের শেকড়ও খুঁজে পাবে। পুরনো প্রজন্মের অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের সৃজনশীলতা মিলেই তৈরি হবে আগামীর পথ। ষাট বছর আগে পাহাড়ের কোলে শুরু হওয়া জ্ঞানচর্চার যাত্রা আজ অ্যালগরিদম প্রজন্মের হাতে নতুন মাত্রা পেয়েছে। তাদের স্বপ্নের সঙ্গে প্রকৃতির এই নিবিড় বন্ধন অটুট থাকুক। কারণ, ভবিষ্যৎ গড়তে প্রযুক্তির ভাষা জানার পাশাপাশি প্রকৃতির ভাষাও বুঝতে হয়।

লেখক : শিক্ষক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; বর্তমানে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ স্কলার