ডিএফসি যোগ্য ঘোষণা করায় সাশ্রয়ী ঋণ পাবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) ঋণ দিতে বাংলাদেশকে যোগ্য ঘোষণা করায় বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে সাশ্রয়ী ঋণের (কম সুদে) একটি নতুন উৎস যোগ হয়েছে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। এ অর্জনের পেছনে রয়েছে মানবাধিকার, শ্রম অধিকার এবং বিচার-বহির্ভূত হত্যাকা- প্রশ্নে যুক্তরাষ্ট্রের কড়া দৃষ্টিভঙ্গি ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস।

গত সোমবার যুক্তরাষ্ট্রের ডিএফসি নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রকল্পগুলো এখন থেকে ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য হবে। গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে দীর্ঘদিনের কূটনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে।

ডিএফসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় ডিএফসির বিনিয়োগ জ¦ালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে স্থিতিশীলতা রক্ষাকারী শক্তি হিসেবে কাজ করে। এসব বিনিয়োগ আমাদের বন্ধুত্ব জোরদার করে এবং এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখে। বাংলাদেশের এ নতুন যোগ্যতার মর্যাদা দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নচাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ সংগ্রহের মাধ্যমে সহায়তা করতে ডিএফসির সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, এটাকে পজিটিভলি দেখতে হবে। কারণ, ডিএফসি অন্য সংস্থাগুলোর  চেয়ে তুলনামূলক কম রেটে বা সাশ্রয়ী সুদখরচে ঋণ পাওয়ার একটি বড় উৎস হিসেবে কাজে লাগতে পারে।

তিনি বলেন, ডিএফসি বাংলাদেশে তাদের কার্যক্রম বিস্তৃত করতে চাওয়ার মানে হলো আমাদের দেশে শ্রম অধিকারসহ মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, এখনই তুষ্ট হওয়ার কারণ নেই। এদেশে তারা কীভাবে কাজ করবে; স্থানীয় দপ্তর খুলবে কি না; শুধু বেসরকারি খাতে অর্থায়ন হবে না কি সরকারি প্রকল্পও একই সুযোগ পাবে তার বিস্তারিত দিকনির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ডিএফসি জানিয়েছে অর্থায়ন এবং ঝুঁকি প্রশমনের বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ সম্প্রসারিত হলে গুরুত্বপূর্ণ বিনিয়োগ-ঘাটতি পূরণ এবং এমন প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হবে, যেগুলো অন্যথায় অর্থায়নসংক্রান্ত সীমাবদ্ধতার মুখে পড়তে পারত। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবায় মানুষের প্রবেশাধিকারের সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলোকে অর্থায়নসংক্রান্ত সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকি কাটিয়ে উঠতে সহায়তা করার ক্ষেত্রে ডিএফসির সহযোগিতা গুরুত্বপূর্ণ। অন্যথায় এসব সীমাবদ্ধতা ও ঝুঁকি বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের জন্য আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করে এমন বেসরকারি বিনিয়োগ সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থগুলোও এগিয়ে নিতে পারি।’