গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ে কাচের বোতলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে। এ সময় দায়িত্বরত নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ের শাখা ব্যবস্থাপক শফিউল হাসান বলেন, ব্যাংকের পাশের ঘরে রাতে তিনজন কর্মচারী থাকেন। গভীর রাতে মোটরসাইকেলের শব্দে তারা ঘুম থেকে জেগে ওঠেন। এর মধ্যেই বিকট শব্দ হয় এবং কাপড় জাতীয় কিছুতে আগুন জ্বলতে থাকে। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দুটি কাচের বোতল উদ্ধার করে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।