নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার রাত ১০টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত পাঁচ কর্মকর্তার সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর ম-ল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা ও উপ-রেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি। এর আগে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে যান। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
এদিকে কর্মকর্তাদের আটকের সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমকেও শিক্ষার্থীদের প্রশ্নের মুখে পড়তে হয়। অধ্যাপক মোজাহারুল আলম সেলিম জানান, করিডরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার কারণ জানতে চেয়ে শিক্ষার্থীরা তার কাছে ব্যাখ্যা দাবি করেন।