ছয় জেলায় সড়কে ঝরল আট প্রাণ

দেশের ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। নিহতদের মধ্যে রয়েছেন দুই ইউপি সদস্য,

কৃষক, দলিল লেখক, ট্রাকের হেলপার, সিএনজি চালক ও এক নারী। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ট্রাকের ধাক্কা, বেপরোয়া গতি, ঘন কুয়াশা ও সড়কে অবৈধ পাইপ ফেলে রাখার কারণে এসব প্রাণহানির ঘটনা ঘটে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

বগুড়া : কাহালুতে দ্রুতগামী একটি বালুভর্তি ট্রাকের ধাক্কায় পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল মকিম (৬০) নামে এক ব্যক্তি। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ : উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় কৃষক ঠা-ু মিয়া ও দলিল লেখক আব্দুল আলীম নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠা-ু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর : নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই  ট্রাক ব্রিজের নিচে পড়ে রিপন (২৯) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪৩) গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন (২৯) পাবনার ইসলামপুর গ্রামের রনির ছেলে। আহত ট্রাকচালক মাসুদ একই এলাকার আক্তার হোসেনের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ঘন কুয়াশা ও ড্রাইভারের ঘুমের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৪০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত লিটন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে। গতকাল দুপুর ২টা ৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগ-া এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ নিরঞ্জন কুমার জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

পাথরঘাটা (বরগুনা) : পাথরঘাটায় সড়ক দিয়ে অবৈধভাবে লাইন নেওয়া পাইপের সঙ্গে ধাক্কা লেগে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে রাশেদা বেগম (৫০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী।

গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নুরুদ্দিন (৪০) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার টেংগারচর গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে। আহত নুরুদ্দিন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। ভাবেরচর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।