মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই তারিখ ধার্য করেন। গতকাল অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। পরীমণি এদিন আদালতে হাজির থাকলেও তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
তিনি বলেন, মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। পরে সেই আদালতে (বিশেষ জজ আদালত ১০) উপস্থিত হয়ে জানতে পারি মামলাটি এই আদালতে (তারিখ নির্ধারণকারী ম্যাজিস্ট্রেট আদালত) বিচারের জন্য স্থানান্তরিত হয়েছে। এজন্য সময়ের আবেদনের পর নতুন দিন ধার্য করে আদালত। এদিন মামলার অন্য দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
২০২৫ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ওই মামলায় বাদীসহ চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। অন্যদিকে মামলাটি বাতিলের জন্য পরীমণি হাইকোর্টে রিভিশন মামলা করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে এ মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয় শুনানির জন্য নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলায় আবার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত পরীমণির জামিন মঞ্জুর করেন। এ মামলায় একই বছর ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না।