ঢাকায় যাচ্ছে ভোলার গ্যাস, খুলনায় কবে?

প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ হলেও দ্বীপজেলা ভোলায় স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি। শুধু ভোলা নয়, গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে শিল্পায়নে পিছিয়ে রয়েছে পুরো খুলনা অঞ্চল। এ অবস্থার পরিবর্তনে ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোলার গ্যাস স্থানীয়ভাবে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। ফলে তৈরি হয়েছে জাতীয় জ্বালানি সরবরাহ, খুলনার শিল্পায়ন এবং ভোলার নিজস্ব উন্নয়নের নতুন সম্ভাবনা।

গত ১২ নভেম্বর খুলনায় এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলা থেকে খুলনায় প্রাকৃতিক গ্যাস নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। খুলনা অঞ্চলের দীর্ঘদিনের জ্বালানি সংকট নিরসন ও শিল্পায়ন ত্বরান্বিত করতেই এ উদ্যোগ জানিয়ে প্রতিমন্ত্রী একই সঙ্গে এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং জ্বালানির অভাবে বন্ধ হয়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগের কথাও জানান।

এ উদ্যোগের অনুপ্রেরণা হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণার কথা উল্লেখ করেন। ওই সময় ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।

জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এবার ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত প্রায় ২০১ কিলোমিটার গ্যাস পাইপলাইনের মধ্যে ভোলা-বরিশাল অংশ প্রায় ৯৬ কিলোমিটার এবং বরিশাল-খুলনা অংশ প্রায় ১০৫ কিলোমিটার পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এজন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ১৩১ কোটি টাকা। তবে প্রকল্পের চূড়ান্ত ব্যয় ও বাস্তবায়ন সময়সীমা নির্ভর করবে বিস্তারিত সমীক্ষা, নকশা ও অনুমোদন প্রক্রিয়ার ওপর।

ভোলার গ্যাস শুধু অন্য অঞ্চলে সরবরাহ নয়, এবার স্থানীয় মানুষের উন্নয়নেও কাজে লাগাতে চায় সরকার। এ বিষয়ে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ভোলা থেকে মূল ভূখ-ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিতে প্রায় ৭ বছর সময় লাগতে পারে। এ সময়ের মধ্যে গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ভোলায় একটি ইউরিয়া সার কারখানা ও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভোলার প্রাকৃতিক সম্পদ যেন জেলার মানুষের উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতার কাজে লাগে সরকার তা নিশ্চিত করতে চায়।

বর্তমানে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি ভোলার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস নিয়ে তা সংকুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) রূপান্তর করে বিশেষ ট্যাংকারে পরিবহন করছে। এসব গ্যাস ঢাকাসহ বিভিন্ন শিল্পকারখানায় জেনারেটর, বয়লার ও অন্যান্য যন্ত্রপাতি চালাতে ব্যবহৃত হচ্ছে।

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, ভোলায় শিল্পকারখানায় গ্যাস ব্যবহারের জন্য অনুমোদিত সংযোগ ৯টি। এর মধ্যে শেলটেক সিরামিক লিমিটেড, কাজী ফিড, প্রিয় অটো, অ্যাডভান্স অটোব্রিকস, সাগর বেকারি, আল-মদিনা ও জে কে ট্রেডার্সে গ্যাস ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চললেও আবুল উলাইয়া টেক্সটাইল মিলস এবং প্রাণ-আরএফএল এখনো উৎপাদনে যায়নি।

এদিকে গ্যাস ব্যবহারে স্থানীয় শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন উল্লেখ করে ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, গ্যাসকে কেন্দ্র করে অর্থনৈতিক অঞ্চল ও নতুন শিল্পকারখানা গড়ে তোলা গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ভোলা কার্যালয়ের ব্যবস্থাপক (প্রকৌশল) মো. ওলিউল ইসলাম জানান, শিল্পকারখানায় গ্যাস সংযোগের জন্য উদ্যোক্তারা নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে সংযোগ দেওয়ার বিষয়ে কোম্পানি সহযোগিতা করতে প্রস্তুত।

বাপেক্সের তথ্যানুযায়ী, ভোলার তিনটি গ্যাসক্ষেত্র শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা। ১৯৯৫ সালে জেলার বোরহানউদ্দিনের শাহবাজপুর এলাকায় প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই গ্যাসক্ষেত্র থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০০৯ সালে। এরপর ২০১৮ সালে ভোলা নর্থ এবং ২০২৩ সালে ইলিশা গ্যাসক্ষেত্রের সন্ধান মেলে।

এ পর্যন্ত ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে খনন করা হয়েছে ১০টি কূপ। এর মধ্যে ভোলা নর্থ-৩ নতুন কূপ। গত ১৫ নভেম্বর কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখা গেছে। তবে বাপেক্স জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরই এর প্রকৃত উৎপাদন সক্ষমতা ও মজুত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বাপেক্সের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আহসানুল আমিন বলেন, ভোলার বিদ্যমান ৯টি কূপের বর্তমান উৎপাদন সক্ষমতা ১৮২ মিলিয়ন ঘনফুট। চলমান পাঁচটি কুপ খনন প্রকল্পে প্রত্যাশিত হারে গ্যাস পাওয়া গেলে এ সক্ষমতা দৈনিক ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে বলেও তিনি জানান।

ভোলার মানুষের প্রত্যাশা, এই জেলার প্রাকৃতিক সম্পদ যেন শুধু অন্য অঞ্চলের শিল্পকারখানার জ্বালানি হিসেবেই ব্যবহৃত না হয়; বরং গ্যাসকে কেন্দ্র করে ভোলায়ও গড়ে উঠুক বড় শিল্পকারখানা। তৈরি হোক কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র। সরকারের পরিকল্পনা ও ঘোষণার কতটা বাস্তবায়িত হয়, আর ভোলার গ্যাসের সুফল স্থানীয়রা কতটা পায় এটাই এখন দেখার বিষয়।