পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় হেলপার বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয়রা জানায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির বাহক ও ঝালকাঠি মালিক সমিতির লিসা নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাসে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদে সরিয়ে নেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর বাহক নামের বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে, গভীর রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।