কুমিল্লায় রাতের বিক্ষোভ মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে। অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে জড়ো হন। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিনের নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গোপালগঞ্জে থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এর কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল নিয়ে একদল যুবক নগরের মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়ির সামনে যান। বাড়িটির নিচতলায় রয়েছে তার ব্যক্তিগত কার্যালয়। পরে কার্যালয়ের ফটকের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর কার্যালয়ের সামনেও কাগজ ও কাঠে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি। কয়েকজন যুবক বাইরে অবস্থান করে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন।
জানা গেছে, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাসহ পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।