রুপান্তরের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে উরুগুয়ের কাছে হারের তিক্ততা ভুলে কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বছরটা রাঙাল আলবিসেলেস্তেরা। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তরুণদের এই বিধ্বংসী পারফরম্যান্স নতুন দিনের বার্তা দিয়ে গেল। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা কোচ লিওনেল স্কালোনির চোখেও এখন নতুন প্রজন্মের জয়গান; মেসি-পরবর্তী যুগে নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো কিংবা অভিষিক্ত মারিয়ানো ত্রোইলোদের হাত ধরে যে এক নতুন আর্জেন্টিনা গড়ে উঠছে, তা নিয়ে ভীষণ রোমাঞ্চিত বিশ্বজয়ী এই কোচ।
কর্দোবায় আজকের কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার তারুণ্যের শক্তির প্রদর্শনী। নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর জোড়া গোলের পাশাপাশি আগুস্তিন গিয়াই, মাক্সিমো পেরোনে, জানলুকা প্রেস্তিয়ানি, রোমান ভেগা, অ্যারন আনসেলমিনো ও জুলিয়ানো সিমিওনের মতো তরুণরা মাঠ মাতিয়েছেন। এছাড়া বেঞ্চে থাকা ভালেন্তিন বার্কো, মাতিয়াস সুলে, সান্তিয়াগো কাস্ত্রো ও সান্তিয়াগো বেলত্রান, প্রত্যেকের বয়সই ২৩-এর নিচে। এই নতুন প্রজন্মকে ঘিরেই আগামীর পরিকল্পনা সাজাচ্ছেন স্কালোনি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে পুরো বছরটির মূল্যায়ন করেন আর্জেন্টাইন কোচ। বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত, ফাইনালে ওঠার তৃপ্তি এবং সমালোচকদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে স্কালোনি বলেন, ‘আমাদের অবশ্যই বিশ্বকাপের কিছু মহাকাব্যিক ম্যাচের কথা মনে থাকবে। মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোর পর অনুভূতিটা ছিল অবিশ্বাস্য। সবার আগে যে কথাটি মনে আসে তা হলো, একটি ভালো কাজ করার জন্য এবং সবসময় আর্জেন্টিনা হয়ে লড়াই করার জন্য আমি সন্তুষ্ট। আমার মতে, বছরটা ইতিবাচক ছিল। আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি এবং আরও একটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছি, তবে সবসময় তো আর জেতা যায় না। আমরা তৃপ্ত। আমরা এমন একটি আবহ তৈরি করেছি যে শিরোপা না জিতলেও কাজের মূল্যায়ন করা হয়, যা দারুণ ব্যাপার।’
কর্দোবার দর্শকদের ভালোবাসা এবং গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজের সমর্থকদের নতুন করে মাতিয়ে তোলার আহ্বানের সঙ্গে একমত পোষণ করেন স্কালোনি। দর্শকদের এই আবেগ ধরে রাখার মন্ত্র জানিয়ে তিনি বলেন, ‘মানুষের অভ্যর্থনা ছিল দারুণ, কর্দোবাকে নিয়ে আমি ভীষণ আনন্দিত। আমি প্রায়ই এখানে সাইক্লিং করতে আসি। সমর্থকরা দারুণ সমর্থন দিয়েছেন। জাতীয় দলের প্রতি তাঁদের ভালোবাসা একটুও কমেনি। তাঁদের এই বিশ্বাস ধরে রাখতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, ভালোবাসা বাঁচিয়ে রাখার এটিই একমাত্র উপায়।’
ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সংহতিই যে আর্জেন্টিনার সাফল্যের মূল চাবিকাঠি, তা মনে করিয়ে দিতে কিংবদন্তি লিওনেল মেসির উদাহরণ টানেন কোচ। আগামী বছরের পরিকল্পনা ও উচ্চমান ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে স্কালোনি আরও বলেন, ‘ছেলেরা খুবই ভালো, তবে তারা সবসময় দলের ওপর নির্ভর করে। একা কোনো খেলোয়াড় দলকে বাঁচাতে পারে না, আর এজন্যই আমরা আজ এই অবস্থানে আছি। লিও (লিওনেল মেসি) বিষয়টি বুঝতে পেরেছিল, যা সবচেয়ে বড় উদাহরণ। আমাদের ভিত্তিটা বেশ মজবুত। আগামী বছরের জন্য কাদের বিপক্ষে খেলব তা ভেবেচিন্তে ঠিক করতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। আমি চাই দল এভাবেই এগিয়ে যাক, এমন একটি মানদণ্ড হয়ে উঠুক যাদের মুখোমুখি হওয়া কঠিন।’
এদিনের ম্যাচে ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে ইতালিয়ান ক্লাব পার্মায় খেলা সেন্টার-ব্যাক মারিয়ানো ত্রোইলোর। এই তরুণ ডিফেন্ডারের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা মারিয়ানোকে অভিষেকের সুযোগ দিয়েছি। তাকে নিয়ে আমরা রোমাঞ্চিত, কারণ সে পার্মায় নিয়মিত খেলছে। সে এমন একজন ছেলে যাকে আমরা নজরে রাখছি যাতে সে দলের অংশ হতে পারে এবং নিজেকে আরও বিকশিত করতে পারে। ম্যাচটি হয়তো তার শুরুর একাদশে থাকার মতোই ছিল, তবে আমরা সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম এবং তার অভিষেকের মুহূর্তটি চলে আসে।’
অন্যদিকে, শৈশবের স্বপ্ন পূরণের আনন্দে ভাসতে থাকা অভিষিক্ত ডিফেন্ডার ত্রোইলো ম্যাচ শেষে বলেন, ‘খুবই আবেগঘন মুহূর্ত, এই জার্সি গায়ে চাপানো একজন খেলোয়াড়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ছোটবেলায় যখন থেকে বলে লাথি মারতে শিখেছি, তখন থেকেই আমি এই মুহূর্তটির স্বপ্ন দেখতাম।’