গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। এ অর্থ ঋণ নয়, সম্পূর্ণ অনুদান হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাইমুম পারভেজ বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়নের আবেদন করেছে। এ উদ্যোগের লক্ষ্য জলবায়ু ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করা।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ের ৩০ মিলিয়ন ইউরোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থায়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই অগ্রগতিকে সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন ড. সাইমুম পারভেজ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ বলে অভিহিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার এবং সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থবিষয়ক উপদেষ্টা সারা জেন আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচি প্রতিষ্ঠিত হয়েছে। দুর্যোগের আগেই আর্থিক প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য।

বাংলাদেশে এ অর্থায়নের আওতায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করা হবে। এর মধ্যে রয়েছে জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন এবং তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের উন্নয়ন।

পাশাপাশি কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও অন্যান্য আর্থিক সুরক্ষার সুযোগ বাড়ানো হবে। দুর্যোগের পূর্বাভাস বা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত অর্থসহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হবে।

কর্মসূচিটি দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবিকা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্যোগের পর সহায়তা সংগ্রহের পাশাপাশি আগাম অর্থায়নের ব্যবস্থা, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।