রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিসে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দেড়টার দিকে নগরীর শাহ মখদুম থানার বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এই ঘটনা ঘটে। তবে টের পেয়ে ভবনে থাকা গ্রামীণ ব্যাংকের কর্মচারী ও স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। 

রাজশাহী শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু তারা সফল হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

গ্রামীণ ব্যাংক রাজশাহীর যোনাল ম্যানেজার আ ক ম শামসুদ্দোহা জানান, তিনি নিজেও ওই ভবনে ছিলেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।  

সংশিষ্টরা জানায়, গ্রামীণ ব্যাংকের ওই ভবনে জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় কার্যালয় অবস্থিত। গভীর রাতে হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে পাশের রাস্তা থেকে এই ভবন লক্ষ্য করে দুটি পেট্রল বোমা ছুড়ে মারে। এ সময় তারা ‘জয় বাংলা’স্লোগান দেয়। পেট্রল বোমা নিক্ষেপের পর কার্যালয়ের বারান্দায় আগুন ধরে যায়। জানালা ও বারান্দার আশপাশেও আগুন ধরে যায়। তবে আগুন বড় পরিসরে ছড়িয়ে পড়ার আগেই ওই কার্যালয়ে থাকা কর্মচারিরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।