​গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণতন্ত্র ও দেশের শত্রু, তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। এ দেশের মানুষ আর কখনোই ফ্যাসিবাদকে গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে।

​বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে। বিগত সময়ের স্বৈরাচারী শাসন এবং জুলাই আন্দোলনে শিশুসহ ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

​দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন আন্দোলনের মধ্য দিয়ে তা সংহত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানী সব সময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি উল্লেখ করেন, ১৯৫৪ সালে টাঙ্গাইল সদর আসন থেকে মওলানা ভাসানী নির্বাচন করেছিলেন এবং তিনি নিজেও সেই আসন থেকে নির্বাচিত হয়েছেন। এ কারণে মওলানা ভাসানীর প্রতি তার আলাদা আবেগ ও শ্রদ্ধা রয়েছে।

​বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় আরও উপস্থিত ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।