সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত আটক

ঝিনাইদহে শহরের প্রাক্তন স্বামীর ইটের আঘাতে স্ত্রী সুমাইয়া খাতুন সুমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী এনানুল হক মিরাজকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের কাঞ্চননগর বাবুর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া খাতুন (২৬) ওই এলাকার সেকেন্দার শেখের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে।

নিহতের ভাই রাতুল হোসেন বলেন, আমার বোনের সঙ্গে এনামুল হক মিরাজের ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ফারহান ৬ বছরের এক সন্তান হয়েছে। এরপর চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। এর পর আমার বোনের সাবেক স্বামী মিরাজ আমারদের এলাকায় প্রায় সময় আসা যাওয়া করতো। বুধবার সকালে আমার বোন সুমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় আগে থেকে বাড়ির সামনে অপেক্ষারত মিরাজ সুমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।