চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে জানালা বন্ধ থাকায় আগুন বক্সের ভেতরে ছড়াতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি ট্রাফিক পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ বক্সটিতে কেউ অবস্থান করেন না। সকালে এসে আগুন দেওয়ার বিষয়টি জানতে পারে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ঢুকতে পারেনি। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।