মুকেশ ঋষি এখন ঢাকায়

ঢাকায় পৌঁছেছেন বলিউডের অভিনেতা মুকেশ ঋষি। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

ঢাকা বিমানবন্দরে মুকেশ ঋষির হাতে ফুলের তোড়া তুলে দেন আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায়। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। শুটিংয়ে অংশ নিতে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তার।

নব্বইয়ের দশক থেকে বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পান মুকেশ ঋষি। শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। তবে তার অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।