দুবার জীবন পেয়েও রিকেলটনের সেঞ্চুরি, লিটনের বিশ্বরেকর্ড

জোহানেসবার্গ টেস্টের ভাগ্য যেন ভাগ্যবানের পক্ষেই কথা বলছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দুবার জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটন। তাঁর এই অনবদ্য সেঞ্চুরি এবং কাগিসো রাবাদার সঙ্গে গড়ে ওঠা প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্বাগতিকদের হাতে।

সেঞ্চুরি পূর্ণ করার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি রিকেলটন। ১১৪তম ওভারের প্রথম বলেই ফিরেছেন মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে। ১৬৫ বলে তার ইনিংস থামল ১০২ রানে। তবে ফিরতে পারতেন শূন্য রানেই। এরপর ৭২তম ওভারে মিরাজের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রিকেলটন, সেখানে সহজ ক্যাচটাও ছেড়ে দিয়েছিলে অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। তখন রিকেলটন ব্যাট করছিলেন ৩০ রান। দুবার জীবন পেয়ে ইনিংস নিয়ে গেছেন তিন অঙ্কে। এরপর অবশ্য সেই মিরাজের বলেই হলেন আউট।

রিকেলটনের সেই উইকেটেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেন বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস। রিকেলটনের পর রাবাদাকেও স্টাম্পড করে এবার টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ আট ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়ে সবার ওপরে উঠে আসেন লিটন। এর আগে এক ইনিংসে সাতটি করে ডিসমিসালের কীর্তি ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভার। তবে তারা প্রত্যেকেই কেবল ক্যাচ নিয়েছিলেন, আর লিটন ছয়টি ক্যাচের সঙ্গে দুটি স্টাম্পিং করে ছাড়িয়ে গেছেন সবাইকে।

এর আগে চতুর্থ দিনের সকালে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমে দ্রুতই সেই লক্ষ্য পূরণ করে দক্ষিণ আফ্রিকা। দিনের প্রথম তিন ওভারে চারটি বাউন্ডারি আদায় করে প্রোটিয়ারা সহজেই বাংলাদেশের প্রথম ইনিংসের রান টপকে লিড নেয়। উইকেটে থিতু হয়ে খেলা রিকেলটন ও রাবাদার জুটি বাংলাদেশের বোলারদের পুরোপুরি অসহায় করে তোলে।

সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে চতুর্থ দিনে এসে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন রিকেলটন। অন্যদিকে, তাকে দারুণ সঙ্গ দেওয়া রাবাদাও মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতা প্রোটিয়াদের পথ আরও সহজ করে দেয়; বিশেষ করে তাসকিন আহমেদের বলে রাবাদার সহজ ক্যাচ দ্বিতীয় স্লিপে ফেলে দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তখন ব্যক্তিগত ৩৮ রানে থাকা রাবাদা জীবন পেয়ে দলের লিডকে আরও বাড়িয়ে নেন। 

এরপর মেহেদী হাসান মিরাজের বলে রিকেলটন রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলেও রিভিউয়ে দেখা যায় বল তার গ্লাভসে লেগেছিল। রিকেলটন ও রাবাদার এই জুটি দলকে পাঁচ শ রানের কাছাকাছি নিয়ে যায় (৪৯৩ রান, যখন রিকেলটন ফেরে)। রিকেলটন ফিলে ৮ম উইকেটে তাদের জুটি থামে ১০৭ রানে। দুই ওভার বাদে মিরাজের বলে ফেরেন রাবাদাও। বল হাতে ফাইফার নেওয়ার পর ব্যাটিংয়েও দারুণ কীর্তি দেখালেন তিনি। ৯৩ বলে করেছেন ৭২ রান।

এদিকে রিকেলটন আউট হবার পর ২২ গজে নেমেছেন রিটায়ার্ড হার্ট হয়ে আগের দিন উঠে যাওয়া টেম্বা বাভুমা। স্বাগতিকদের প্রথম ইনিংসে হাতে আছে কেবল ১ উইকেট, তবে সংগ্রহ ছাড়িয়েছে পাঁচ'শ।