স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বরের সহিংসতার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। এর মধ্যে মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হন। গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে তারা থানা ঘেরাও করেন।
একপর্যায়ে বিপুলসংখ্যক মানুষ থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে বিক্ষুব্ধরা থানার ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এরপর সহিংসতা ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করা হয়। নীলফা এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের পথ আটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। সড়কে অবরোধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকটি স্থানে আগুন নেভাতে যেতে পারেননি।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বুধবার কাশিয়ানী উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুরের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ও খুলে দিয়েছেন বিক্ষুব্ধ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। উপজেলার একটি রেলস্টেশনে হামলার খবরও পাওয়া গেছে।
অন্যদিকে কোটালীপাড়ায় প্রায় দুই বছর বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গোপালগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন স্থানে বুধবার দিনের বেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই ছাত্রলীগের মিছিল করার খবর পাওয়া গেছে। জেলার বিভিন্ন উপজেলায় মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হচ্ছে।
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করেও এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
এদিকে বুধবার সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ চলছে। নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুরের রওশনপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। অবরোধস্থলগুলোতে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।
নীলফাবাজার মোড়ে অবরোধে অংশ নেওয়া একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে।
বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষকে সতর্কভাবে চলাচল করতে দেখা গেছে। অনেকেই আগের রাতের সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে আলোচনা করছেন।
সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি কম ছিল। তবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবির সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের প্রধান ফটকে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছিলেন। পরে কার্যালয়টির নিরাপত্তায় বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। নীলফা এলাকায় আগুন দেওয়া গাড়িগুলোতে বুধবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে।
এদিকে বুধবার গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন ড. জিএম সরফরাজ। তবে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে সহিংসতার ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের খবরও পাওয়া যায়নি।
অন্যদিকে আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে জেলাজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেলার অন্যান্য উপজেলাতেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এ ছাড়া টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা ব্যারাক ছেড়ে চলে গেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
সব মিলিয়ে একের পর এক হামলা, অগ্নিসংযোগ, অবরোধ ও পাল্টাপাল্টি কর্মসূচিতে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের পরও জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।