রাউজানে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি 

ছেলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাউজানে মো. সেলিম উদ্দিন নামের বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ওই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি হওয়া ওই বিএনপি নেতা উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক। ওই ইউনিয়নে বিএনপির দুটি কমিটি রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

পুলিশ জানায়, গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের মিছিলটি হয়। মিছিলটিতে মো. সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন নেতৃত্ব দেন। মিছিলের ভিডিও দেখে সজীবকে শনাক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন। আগেও তিনি এ সংগঠনে যুক্ত ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিএনপি নেতার ছেলে সজীব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগে নতুন করে সক্রিয় হয়েছেন। আগেও দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের জন্য একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত। মিছিলের পর রাতে ওই স্থানে টায়ার জ্বালিয়ে অরাজকতার চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। দুটি ঘটনায় মামলা দায়ের হয়েছে।