ব্রাজিলকে জেতানোর পর বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক

ফুটবল মাঠে গোল করার পর দুই হাতে চুমু ছুড়ে দেওয়ার দৃশ্য নতুন কিছু নয়। তবে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের উদ্‌যাপনটি ছিল সম্পূর্ণ আলাদা। ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করার পর দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে সেটি উৎসর্গ করেন তিনি। ম্যাচ শেষে জানা যায়, এই আনন্দ কেবল মাঠে গোল করার নয়; বরং তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জনের—প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দের।

মাত্র ২০ বছর বয়সে বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের ৭-০ গোলের বড় জয়ের পর ‘স্পোরটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে এনদ্রিক নিজেই এই সুসংবাদটি জানান। তিনি বলেন, ‘আমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। আমাদের ঘরে এক সুন্দর ছেলে এসেছে, আমার স্ত্রীও খুব খুশি। আজকের গোলটি আমার ছেলের জন্য এবং আমার স্ত্রীর জন্য, যিনি অত্যন্ত একজন সাহসী নারী।’

জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার আগে স্ত্রীর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এনদ্রিক আরও বলেন, ‘আমি আমার দেশ ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি, যা এই পৃথিবীর অন্যতম সেরা একটি বিষয়। আর জাতীয় দলের হয়ে খেলতে যাঁরা আমাকে সবার আগে উৎসাহিত করেছিলেন, আমার স্ত্রী তাঁদের একজন। ও এখন সেখানে থেকে আমাদের ছেলের দেখভাল করছে।’
অন্তসত্বা মিরান্ডার সঙ্গে এনদ্রিক


নবজাতকের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। এই নামকরণের পেছনে রয়েছে এক বিশেষ গল্প ও পারিবারিক যোগসূত্র। এর আগে গত জুলাইয়ে এক বেবি শাওয়ার অনুষ্ঠানে তাঁরা সন্তানের এই নাম প্রকাশ করেছিলেন। এনদ্রিক জানান, নামটি মূলত তাঁর নিজের জন্যই রাখার কথা ভেবেছিলেন তাঁর বাবা-মা। অর্থাৎ, তাঁর নিজের নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। এ ছাড়া নামটির পেছনে ধর্মীয় তাৎপর্যও রয়েছে বলে জানান তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নাম প্রকাশের পর অনেকেই আমেরিকান র‍্যাপার কেনদ্রিক লামারের সঙ্গে এর যোগসূত্র খোঁজেন, যদিও এই বিষয়ে দম্পতি কোনো মন্তব্য করেননি।

ব্যক্তিগত জীবনকে সবসময়ই প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি। ঠিক এই কারণেই তাঁরা সন্তানের জন্মের খবর তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি। এ প্রসঙ্গে এনদ্রিক বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কেবল নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে পছন্দ করি। দুর্ভাগ্যজনকভাবে ইন্টারনেট বা সংবাদমাধ্যম কেমন, তা আমরা সবাই জানি। আমি আমার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চাই। ভবিষ্যতে আমাদের ছেলে বড় হয়ে নিজে আলোর কেন্দ্রবিন্দুতে আসতে চায় কি না, সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত হবে।’

সন্তানের জন্ম এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা দিয়েছেন গ্যাব্রিয়েলি মিরান্ডাও। তিনি জানান, এনদ্রিকের পেশাগত জীবন জনসমক্ষে থাকলেও তাঁদের চার দেয়ালের ভেতরের জীবন তাঁরা সবসময়ই ব্যক্তিগত রাখতে চেয়েছেন। বিশেষ করে গর্ভাবস্থায় ও তাঁদের সম্পর্কের সময় তাঁকে যে পরিমাণ অযাচিত মন্তব্য, কটূক্তি এবং এমনকি হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে, তা অত্যন্ত বেদনার। নবজাতক সন্তান যাতে এই ধরনের অনলাইন বিষাক্ততার শিকার না হয়, সে কারণেই তাঁরা ছেলেকে ক্যামেরার ফ্ল্যাশলাইট ও অতিরিক্ত জনসমক্ষে আনছেন না।
 
মাঠে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও দারুণ এক অধ্যায় শুরু করলেন এনদ্রিক। নবজাতককে ঘিরে এই দম্পতির নতুন পথচলার শুরুতেই ফুটবলপ্রেমী ও শুভানুধ্যায়ীরা তাঁদের প্রতি ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন।