রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের অভিযোগে রাষ্ট্র বিরুদ্ধ মামলায় 'রাষ্ট্র সংলাপ ফোরাম'র সহ-সভাপতি মারজিয়া খন্দকার রিমিকে জামিন দিয়েছে আদালত। তবে, একই মামলায় জামিন মেলেনি সংগঠনের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াসের।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় রিমির জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আয়াসের জামিনের আবেদন নাকচ করেন বিচারক। গত ১১ অক্টোবর এ মামলার আসামি সাকিবুল হাসান ও আয়াসের তিন দিন এবং মো. সুজন মিয়া ও রিমির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি ম্যাজিষ্টট আদালত। পরে রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ অক্টোবর আসামি আয়াস ওই গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা সেখানে জড়ো হন। আসামি সাকিবুল হাসান সেখানে উসকানিমূলক বক্তব্য দেন। অন্যদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি বলেন, ‘আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছে।
এই নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না।’ এ কথা বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি মেখে দেন। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাহবাগ থানায় রাষ্ট্র বিরুদ্ধ এ মামলাটি করা হয়।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাতের হকার উচ্ছেদের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশে গণপূর্তের সীমানাপ্রাচীরে বাংলাদেশ শিল্প, সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়।