বাসাইলে গ্রামীণ ব্যাংকে আগুন

টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন দেওয়ার ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রামীণ ব্যাংক বাসাইল উপজেলা শাখায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টায় এ ঘটনা ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, গ্রামীণ ব্যাংকের সামনের গেইটে

কেরোসিন ভর্তি বোতল দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বাবুল মিয়া বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুন পানি ও বালু দিয়ে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের ক্ষতি হয়নি। দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।