পূরবী বসু আর নেই। খবরটি শোনার পর থেকেই মনটা বিষণ্ন হয়ে আছে। কিছু মানুষের চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাদের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের অনেক স্মৃতি, অনেক ভালোলাগা। পূরবীদি’ আমার কাছে তেমনই একজন মানুষ। তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল খুবই আন্তরিক ও ঘনিষ্ঠ। দীর্ঘদিনের পরিচয়, নানা সময়ে একসঙ্গে কাটানো মুহূর্ত, তার স্নেহ ও ভালোবাসা— সবকিছুই মনে পড়ছে।
হুমায়ূন আহমেদের ক্যানসারের চিকিৎসার সময় পূরবীদি’র একটি বিশেষ সহযোগিতার কথা আজ খুব মনে পড়ছে। তখন হুমায়ূন আহমেদ চিকিৎসার জন্য নিউইয়র্কে যাবেন। তার চিকিৎসার জন্য মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে একজন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া জরুরি ছিল। কিন্তু অনেক চেষ্টা করেও কেউ সেই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারছিলেন না। ঠিক সেই সময় পূরবীদি’ এগিয়ে এলেন। এক দিনের মধ্যেই তিনি চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিলেন। কারণ, একসময় তিনি ওই হাসপাতালে কাজ করেছেন। সেই সূত্রে তার পরিচিতি ও যোগাযোগ ছিল। তার এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল। হুমায়ূন আহমেদের চিকিৎসার সেই কঠিন সময়ে পূরবীদি’র আন্তরিকতা ও সহযোগিতা খুব কাছ থেকে দেখেছি। অসুস্থ একজন মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন, তা কখনো ভুলব না।
কী অদ্ভুত সমাপতন! হুমায়ূন আহমেদের জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন পূরবী বসু। যে মানুষটির জীবনের কঠিন সময়ে তিনি এত আন্তরিকভাবে পাশে ছিলেন, সেই মানুষটির জন্মদিনেই তাঁর চলে যাওয়া আমাকে আরও বেশি করে সেই পুরোনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে।
পূরবী বসুর পরিচয় শুধু একজন লেখক হিসেবে নয়। তিনি ছিলেন একজন বিজ্ঞানী ও গবেষক। বিজ্ঞান এবং সাহিত্য— দুটি ভিন্ন জগতে তার ছিল সফল পদচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন।
নিউইয়র্কের বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে তিনি গবেষণার কাজ করেছেন। কর্নেল বিশ্ববিদ্যালয়েও গবেষণা ও অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। প্রাণরসায়ন, পুষ্টিবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তার গবেষণার কাজ আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক সাময়িকীতে তার ৪০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
একজন বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক গবেষণার জগতে তার এই অবস্থান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে এমন একটি সময়ে তিনি বিজ্ঞানচর্চা করেছেন, যখন আন্তর্জাতিক গবেষণায় নারীদের অংশগ্রহণ ও স্বীকৃতি পাওয়া সহজ ছিল না।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাজ করার পর দেশে ফিরে তিনি ওষুধশিল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিভাগে পরিচালক হিসেবে কাজ করেছেন। অর্থাৎ গবেষণাগার থেকে শুরু করে জনস্বাস্থ্য ও ওষুধশিল্প— বিভিন্ন ক্ষেত্রেই তাঁর কাজের অভিজ্ঞতা ছিল।
বিজ্ঞানী ও গবেষক হিসেবে পূরবী বসুর এই পরিচয় তার সাহিত্যিক সত্তাকেও বুঝতে সাহায্য করে। তার লেখায় যুক্তিবোধ, অনুসন্ধিৎসা ও সমাজকে দেখার একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। বিজ্ঞানচর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করেছেন। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা— বিভিন্ন মাধ্যমে লিখেছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশের বেশি।
পূরবী বসুর লেখার একটি বড় অংশজুড়ে রয়েছে নারীজীবন। নারীর অধিকার, স্বাধীনতা, আত্মপরিচয় এবং নিজের জায়গা তৈরি করার সংগ্রাম তিনি নানা দিক থেকে তুলে ধরেছেন। সমাজের বৈষম্য, সাম্প্রদায়িকতা, প্রান্তিক মানুষের জীবন এবং মানবিক সম্পর্কও তার লেখার গুরুত্বপূর্ণ বিষয়।
তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে বাংলার নারী’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’, ‘নারী দীপাবলী’, ‘সেরা দশ গল্প’, ‘নিউইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিৎসা ও অন্যান্য প্রবন্ধ’, ‘রোকেয়া ও রবীন্দ্রনাথ : কাছে থেকে দূরে’, ‘বাংলার নারীবান্ধব পুরুষ’, ‘সভ্যতা নির্মাণে নারী’, ‘কিংবদন্তির খনা ও খনার বচন’ ইত্যাদি। এসব বইয়ে তিনি নারীকে দেখেছেন সমাজ, ইতিহাস, সংস্কৃতি ও জীবনের নানা অভিজ্ঞতার আলোকে। নারীর অবস্থান ও অধিকার নিয়ে তার লেখাগুলোতে গবেষণার ছাপ যেমন রয়েছে, তেমনি রয়েছে গভীর জীবনবোধ।
১৯৯২ সালে প্রকাশিত হয়েছিল পূরবী বসুর একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক কাজ—‘এখনও গেল না আঁধার’। যৌথভাবে করা এই কাজটির উপজীব্য ছিল, বাংলাদেশের সংবাদপত্রে সাম্প্রদায়িকতা। ওই সময়ে এই গবেষণামূলক কাজটি নিঃসন্দেহে সাহসী ও ভিন্ন ধরনের উদ্যোগ ছিল।
২০১৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘অবিনাশী যাত্রা’। এছাড়া তার বেশ কিছু গল্প ইংরেজিতে অনূদিত হয়েছে। ‘রাধা উইল নট কুক টুডে অ্যান্ড আদার স্টোরিজ’ গ্রন্থের মাধ্যমে তার গল্প ইংরেজি ভাষার পাঠকদের কাছেও পৌঁছেছে।
সাহিত্যে অবদানের জন্য ২০০৫ সালে তিনি অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। তার সাহিত্যকর্মের বিষয়বৈচিত্র্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে আলাদা করে চিনিয়েছে।
তবে পূরবীদি’র এইসব পরিচয়ের পাশাপাশি আমার কাছে বড় হয়ে থাকবে মানুষ পূরবী বসু। তার আন্তরিকতা, স্নেহ এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আমাকে সব সময় মুগ্ধ করেছে। হুমায়ূন আহমেদের চিকিৎসার সময় তাঁর সহযোগিতার ঘটনাটি তার একটি বড় উদাহরণ, যা আগেই উল্লেখ করেছি।
গত বেশ কয়েক বছর ধরেই পূরবীদি’ অসুস্থ ছিলেন। অনেকটা সময় তাকে শয্যাশায়ী অবস্থায় কাটাতে হয়েছে। তবু আমাদের মনে আশা ছিল, একসময় হয়তো তার শারীরিক অবস্থার উন্নতি হবে। আবার কিছুটা সুস্থ হয়ে উঠবেন। একবার তার স্বামী লেখক জ্যোতিপ্রকাশ দত্তদার সঙ্গে কথা হয়েছিল। পূরবীদি’ একটু সুস্থ বোধ করলে তাঁকে একবার বাংলাদেশে নিয়ে আসার কথা ভেবেছিলাম। প্রয়োজনে হুইলচেয়ারে করেও তাঁকে দেশে আনার পরিকল্পনা ছিল। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না।
এর মধ্যে কয়েকবার নিউইয়র্কে গিয়েছি। প্রতিবারই মনে হয়েছে, একবার গিয়ে পূরবীদি’কে দেখে আসি। কিন্তু সময় ও দূরত্বের কারণে আর যাওয়া হয়ে ওঠে নি। ভেবেছিলাম, হয়তো আবার দেখা হবে, কথা হবে। সেই সুযোগ আর হলো না। শুনেছি, ঘুমের মধ্যেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ অসুস্থতার পর তার এই চলে যাওয়ার খবর মনকে আরও ভারাক্রান্ত করেছে।
পূরবী বসুকে আমি শুধু একজন বিজ্ঞানী, গবেষক কিংবা লেখক হিসেবে মনে রাখব না। মনে রাখব একজন আন্তরিক ও স্নেহশীল মানুষ হিসেবে। তার সঙ্গে কাটানো সময়, তার ভালোবাসা এবং হুমায়ূন আহমেদের চিকিৎসার সময় তার সহযোগিতার স্মৃতি আমার কাছে অমূল্য হয়ে থাকবে।
বিজ্ঞান ও গবেষণায় তার কাজ, বাংলা সাহিত্যে তার অবদান— সব মিলিয়ে পূরবী বসু আমাদের জন্য রেখে গেছেন সমৃদ্ধ এক উত্তরাধিকার। তার বই ও গবেষণাকর্মের মধ্য দিয়ে নতুন প্রজন্ম তাঁকে চিনবে। আর আমাদের মতো যারা তাঁকে কাছ থেকে দেখেছি, তাদের মনে তিনি বেঁচে থাকবেন অনেক ব্যক্তিগত স্মৃতি ও ভালোবাসায়।