রংপুরে বাইপাস নির্মাণে আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের জনসংখ্যা ও আয়তনের ভারসাম্য বজায় রাখতে একান্ত প্রয়োজন ছাড়া কোনো অবকাঠামো বা রাস্তা নির্মাণের মাধ্যমে কৃষিজমি নষ্ট না করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে রংপুর অঞ্চলের মতো কৃষিপ্রধান এলাকায় দুই বা তিন ফসলি জমি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন তিনি। তবে রংপুর নগরীর তীব্র যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন সরকারপ্রধান।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এর আগে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল দীর্ঘদিন পর রংপুর সিটি করপোরেশনের জন্য ১ হাজার ৮১৩টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আয়তনের দিক থেকে রংপুর দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশন। প্রায় ২০৫ বর্গকিলোমিটার আয়তন এবং ৩৩টি ওয়ার্ডের এই নগরীতে প্রায় আট লাখ মানুষের বসবাস। এ ছাড়া রংপুর বিভাগের আটটি জেলার মানুষ চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক কাজে প্রতিদিন এই শহরে আসেন। কিন্তু প্রধান সড়ক একটি হওয়ায় এবং দিনের বেলাতেও ভারী যানবাহন চলাচল করায় নগরীতে তীব্র যানজট লেগেই থাকে, যা মানুষের অসংখ্য কর্মঘণ্টা নষ্ট ও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে রংপুর শহরের পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তিনি।


জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি তো টেকনিক্যাল লোক নই, তাই এই মুহূর্তে বিষয়টি কতটুকু সম্ভব তা বলতে পারছি না। এ বিষয়ে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আমাকে আলাপ করতে হবে। তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার সময়ও বিষয়টি উঠে এসেছে যে, দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, খুব প্রয়োজন হলে আমরা অবশ্যই রাস্তা বা অবকাঠামো নির্মাণ করব, কিন্তু কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে চাই না। নতুন কোনো রাস্তা বা স্থাপনা তৈরি করতে গেলে স্বাভাবিকভাবেই কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। যেসব অঞ্চলে দুই বা তিন ফসলি জমি রয়েছে, সেখানে আমাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। রংপুর একটি কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এখানকার কৃষিজমির বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখতে হবে। তবে তিনি রংপুরের সংসদ সদস্যকে আশ্বস্ত করে জানান, বাইপাস নির্মাণের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তিদের সঙ্গে তিনি অবশ্যই আলোচনা করবেন।


একই অধিবেশনে অপর এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রবাসী কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সুখবর দেন প্রধানমন্ত্রী। স্বল্প খরচে দক্ষ কর্মী বিদেশে পাঠানোর বিষয়ে তিনি সংসদকে জানান, এশিয়ার একটি দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করেছি যেন বিদেশগামী কর্মীদের মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার ভেতরে থাকে। এখন পর্যন্ত আমরা এই খরচটি মোটামুটিভাবে নিশ্চিত করতে সক্ষম হয়েছি। দেশের কর্মীরা যেন বিশ্বের অন্যান্য দেশেও স্বল্প খরচে যেতে পারেন, সে লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।