বান্দরবানের লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি জেলার আলীকদম থানায় কর্মরত ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলার আলিকদম উপজেলার শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেলে চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সাজু চক্রবর্তীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব ১৪-১০৯৮ এবং মোটরসাইকেলটির নম্বর চট্টগ্রাম মেট্রো-ল ১৫-৮৯৮৪।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে, তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।