কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া, প্রতিবাদ সভা

‘আপা ফিরে আসবে না’: খালেকুজ্জামান বাবলু

গাজীপুরের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতারা যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
 

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে। তারা আর ফিরে আসবে না। দলটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপা আপা কইয়েন না, আপা ফিরে আসবে না। একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এবার আবার বিপদে ফেলতে নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’

বাবলু আরও বলেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস থেকে মোটরসাইকেল মহড়া বের করা হয়। মহড়াটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় তিন হাজার মোটরসাইকেল নিয়ে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।