চট্টগ্রামে পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যান উদ্ধার ও চালক শনাক্ত

চট্টগ্রাম নগরের হালিশহর জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে এর সঙ্গে জড়িত চালককে শনাক্তের পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আলমগীর হোসেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নির হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

ডিসি আলমগীর হোসেন জানান, বুধবার দুপুরে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে হালিশহর থানা পুলিশের একটি টহল পিকআপ ভ্যান চুরি হয়। টহল দলের সদস্যরা গাড়িটি রেখে পাশের পুনাক ক্যান্টিনে খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি গাড়িটির কাছে গিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে সেটি খুলে চালিয়ে নিয়ে যান।

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিন্নির হাট এলাকা থেকে চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত চালককেও শনাক্ত করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।