চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আমিনুর রহমান চৌধুরী জানান, রাতের কোনো একসময় ২-৩ জন দুর্বৃত্ত তার বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
আমিনুর রহমান চৌধুরী লেখেন, বিষয়টি রাতের দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত পরিস্থিতি জানা যাবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানের বাড়ির গেইটে পেট্রল ঢেলে আগুন দিলে পরিবারের অপর লোকেরা তা নিভে দেয়,তাতে বৃহৎ কোন ক্ষয়ক্ষতি হয়নি । এ ব্যাপারে কেউ থানায় কোন মামলা কিংবা অভিযোগ করেনি বলে জানান তিনি।