জিতেও বিদায় নিতে হলো নিগারদের

প্রথমবারের মতো আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে অংশ নিতে গিয়েই ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। ইমার্জিং নামে হলেও জাতীয় দলটাই অংশ নেয় আরব ওমানের আজমানে আয়োজিত টুর্ণামেন্টে। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল। পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটের অপ্রত্যাশিত হারে সুপার সিক্সের স্বপ্ন বড় ধাক্কা খায়। শেষ ম্যাচে জয় পেলেও সেই ক্ষতি আর পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি।

আসরে ব্যাটিং ব্যর্থতা ভোগায় বাংলাদেশক। অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ডের বিপক্ষেও আগে ব্যাট করে ১৩২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে ১২৯ রানে আটকে রেখে কোনোমতে সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  জিম্বাবুয়েও সমান ম্যাচে দুই জয় পেলেও শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে। দুই দলের নেট রান রেটের ব্যবধান ছিল খুবই সামান্য—বাংলাদেশের -০.২০ এবং জিম্বাবুয়ের -০.০৯। অর্থাৎ, থাইল্যান্ডের বিপক্ষে ব্যবধানটা আরেকটু বড় হলেই সুপার সিক্সের টিকিট পেত লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় স্কোরে রান যোগ করার আগেই তিন ওভারের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা মিলে ৩৮ রান যোগ করলেও রান তোলার গতি ছিল শ্লথ। শারমিন ২৩ বল খেলে ১৬ রান করে আউট হন।

এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৪৬ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার। দলীয় একশ রানের ঠিক আগে ২৬ বলে ২৮ রান করে ফেরেন সোবহানা। এর এক ওভার পর আউট হন নিগারও; ৫টি চারের সাহায্যে ৩৬ বলে তিনি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান। শেষ দিকে স্বর্ণা আক্তারের ১১ বলে অপরাজিত ১৪ ও রিতু মনির ৮ বলে ১২ রানের সুবাদে ১৩২ রানের লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। থাইল্যান্ডের পক্ষে চানিদা সুত্থিরুয়াং সর্বোচ্চ দুটি উইকেট নেন।

রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় থাইল্যান্ড। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা মেডেন ওভারের সঙ্গে তুলে নেন উইকেট। তবে তৃতীয় উইকেটে নানাপাট কোঞ্চারোয়েঙ্কাই ও নারুমল চাওয়াই ৫২ রানের জুটি গড়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন। দলীয় একশ রানের আগে অধিনায়ক চাওয়াই (৩৩) আউট হলেও লড়াই চালিয়ে যান কোঞ্চারোয়েঙ্কাই। ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৬টি চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ৫১ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। শেষ দুই ওভারে ২১ রানের সমীকরণ মেলাতে পারেনি থাইল্যান্ড। বাংলাদেশের পক্ষে মেঘলা দুটি উইকেট শিকার করেন।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় আগেভাগেই শেষ হলো বাংলাদেশ দলের ওমান সফর। দেশে ফিরে এবার নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করবে তারা, যেখানে আগামী মাসে হোয়াইট ফার্নদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩২/৬ (দিলারা ২, সাথি ১২, শারমিন ১৬, নিগার ৪৫, সোবহানা ২৮, স্বর্ণা ১৪*, রিতু ১২; মায়া ৩-০-২১-০, পুত্থাওং ৪-১-২৪-১, চাতুরংগ্রাত্তানা ৩-০-২১-১, লাওমি ৪-০-২০-১, কামচম্পু ৩-০-২৩-০, প্লান্ত ১-০-১১-০, সুত্থিরুয়াং ২-০-১১-২)

থাইল্যান্ড: ২০ ওভারে ১২৯/৫ (চান্থাম ০, মায়া ১৫, কোঞ্চারোয়েঙ্কাই ৫৭, চাওয়াই ৩৩, প্লান্ত ১৩*, সুত্থিরুয়াং ৩, আফিসারা ৪*; মেঘলা ৪-১-২৪-২, দিশা ২-০-১৭-০, রাবেয়া ৪-০-২৮-০, রিতু ৩-০-২০-১, স্বর্ণা ৩-০-১২-০, জান্নাতুল ৪-০-২৭-১)

ফল: বাংলাদেশ ৩ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ: নিগার সুলতানা।