নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এদেশের জনগণ সহ্য করবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। এ দেশের জনগণ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এদেশের জনগণ সহ্য করবে না। রাতের আধারে দু’চারটা পটকা ফুটিয়ে এদেশে ফিরে আসতে পারবেন না, রাজনীতি করা তো দুরের কথা।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বুধবার (১৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ আছে থাকবে। একটি বিশেষ দলের নেতাকর্মীদের উপর কোন হামলা হচ্ছে না, তারাও চুপচাপ এটাও চিন্তার বিষয়।

তিনি বলেন, কোন প্রতিবেশী দেশের তাবেদারী আমাদের দেশের জনগণ আর কোন দিন মেনে নিবে না। বিএনপি এদেশের জনমানুষের দল। তিনি এসময় যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানান। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, এড. ফিরোজ, মজিবুর রহমান, অরূপ বড়ুয়া, মোঃ আলী সাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, সেলিম খান, রাশেদুল হাসান লেবু প্রমুখ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। পলাতক ফ্যাসিষ্টের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগুন সন্ত্রাস রুখে দিতে হবে।