সংসদে বিরোধীদলীয় নেতা 

ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আন্দোলন একাধারে দেশের ভেতরে ফ্যাসিবাদের এবং আধিপত্যবাদ বিরোধী ছিল। দু:খের বিষয়, আমরা আধিপত্যবাদের কালো ছায়া এখন আবার হালকা অনুভব করছি। সরকারকে বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে দাঁড়াতে হবে। তাহলে পুরো জাতি সরকারের সাথে থাকবে। 

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে আমরা সবাই একই কাতারে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে। আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসুক— এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে বিরোধীদলের নেতা এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এর একটি বাস্ত¥বায়িত হলেও আরেকটি এখনো হয়নি। আমরা তো সবাই নির্বাচনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে সেই জায়গাটায় ফিরে আসুন।

তিনি বলেন, সংসদ অধিবেশন চলাকালে গত কয়েক দিন ধরে সারা বাংলাদেশে পতিত ও পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা আমরা প্রত্যক্ষ করছি। এই সংসদে আমরা আশা করেছিলাম, এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সংসদের মাধ্যমে দেশ ও জাতিকে অবহিত করা হবে। সরকার এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তার দৃশ্যমান অগ্রগতি কী এবং ভবিষ্যতে কী করবে, তা জানানো হবে। কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিলেও সেটি জাতির সামনে, অন্তত আমার সামনে, স্পষ্ট হয়নি। আমরা বুঝতে পারছি না, আসলে আমাদের নীতি ও কৌশল কী। 

দেশে বিচারপ্রক্রিয়ায় কারও প্রতি অবিচার না করে সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে তাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু এখন একজন মানুষের সঙ্গেও সামান্য অবিচার হোক, তা তারা চান না। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের প্রাপ্য শাস্তি পাবেন। বিচার নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যে বিভিন্ন আক্ষেপ উঠে এসেছে। একজন সংসদ সদস্য তার স্বামীর হত্যাকা-ের বিচার ও বিচারপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হলেও বিচারপ্রক্রিয়ায় সমান আচরণ নিশ্চিত করা জরুরি।

দেশের তৈরি পোশাকশিল্পসহ রফতানিমুখী শিল্পকে বাঁচাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, শিল্প বাঁচলে শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী এবং মালিকরাও বাঁচবেন। এ খাতের বড় ধরনের ক্ষতি হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।

ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা নিয়ে আন্দোলন হলে অন্য কারখানায় হামলা, সিরামিক কারখানায় ভাঙচুর কিংবা বিদ্যুৎ অফিসে আগুন দেওয়া হচ্ছে কেন। এসব ঘটনার পেছনে তৃতীয় কোনো অপশক্তি রয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, কোনও শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না। আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার নিজের ঠিকানা। ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে যারা কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানে হামলা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকার ও বিরোধীদল উভয় পক্ষ থেকেই এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।

দেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনা নেই বলে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যšত্ম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক ক্ষেত্রে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষকদের বাসায়। 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেওয়ার জায়গায় পরিণত হয়েছে। 

মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে সংসদে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির: সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সকল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি জাতীয় সংসদে পেশ করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে এ সংক্রান্ত কোনো চুক্তি বা আলোচনা হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।