বিএসটিআইয়ের অভিযান

পরিমাপে অনিয়ম, পেট্রোল পাম্পের ৩ ইউনিট বন্ধ

রাজধানীর বিভিন্ন এলাকায় টানা দুই দিনের সার্ভিল্যান্স অভিযানে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

এর মধ্যে দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ ও ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম এবং অপর একটি ইউনিটে ৬০ মিলিলিটার বেশি পাওয়া যায়।

গত ১৭ ও ১৮ নভেম্বর বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের উদ্যোগে রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ, কাফরুল, খিলক্ষেত, মিরপুর, মতিঝিল ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দুই দিনে পরিদর্শন করা ১২টি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে পরিমাপে অনিয়ম পাওয়া যায়। অপর নয়টি পাম্পের পরীক্ষিত ডিসপেন্সিং ইউনিটগুলোর পরিমাপ সঠিক পাওয়া যায়।

বিএসটিআই জানায়, ১৭ নভেম্বর রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থিত কসমো ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। একই দিনে তুরাগের ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার জ্বালানি তেল বেশি পাওয়া যায়। পরিমাপে অনিয়মের কারণে ইউনিট দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন মোট নয়টি পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিরপুর, মতিঝিল ও মালিবাগ এলাকায় আরও তিনটি পেট্রোল পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে বিএসটিআই। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টারের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। অনিয়মের কারণে সংশ্লিষ্ট ইউনিটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

১৭ নভেম্বরের অভিযানটি বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। এতে অংশ নেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন।

আর ১৮ নভেম্বরের অভিযানটি সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। এতে অংশ নেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ বিল্লাল হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন । 

বিএসটিআই জানায় ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের সার্ভিল্যান্স অভিযান অব্যাহত থাকবে।