এবার গোপালগঞ্জে এমপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অফিসের মালামাল বাইরে এনে আগুন দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডা. কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় জাসাস নেতা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী স্লোগান দিয়ে তার অফিসের আসবাবপত্র বের করে ভাঙচুর করেন এবং পরে আগুন ধরিয়ে দেন। আরাফ ক্লিনিকের নিচতলায় এমপি ডা. কে. এম. বাবরের ব্যক্তিগত কার্যালয় ছিল। এ ঘটনার পর ক্লিনিকের রোগীরা অন্যত্র চলে যান।

এ ছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুর করা হয়েছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে সন্ধ্যায় আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষুব্ধ লোকজন থানার ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন। থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। এরপর সহিংসতা টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।