মিসরীয় রানী সপ্তম ক্লিওপেট্রা ও প্রেমিক মার্ক অ্যান্টনির সমাধি এখন পর্যন্ত প্রমাণিতভাবে আবিষ্কৃত হয়নি। খ্রিস্টপূর্ব ৩০ সালে মৃত্যুর পর রোমান নেতা অক্টাভিয়ানের অনুমতিক্রমে ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনিকে একই সমাধিতে সমাহিত করা হয়েছিল। এমনটিই প্লুটার্ক ও সুয়েটোনিয়াসের লেখা বলছে। প্লুটার্ক লিখেছেন সমাধি ছিল আয়সিস মন্দিরের কাছে স্বর্ণ, রুপা ও মুক্তা দিয়ে ভরা। ২০১০ সালে, মিসরের প্রাক্তন প্রত্নতত্ত্ব মন্ত্রী জাহি হাওয়াস আলেকজান্দ্রিয়ার কাছে ‘তাপোসিরিস ম্যাগনা’ নামক স্থানে খনন করেছিলেন। সেখানে ক্লিওপেট্রার সময়ের সমাধিসহ বহু সমাধি পাওয়া যায়। তবে ক্লিওপেট্রার সমাধি পাওয়া যায়নি। হাওয়াস জানান, সমাধি যদি থেকে থাকেও তা হয়তো লুণ্ঠিত বা শনাক্তযোগ্য নয়। রোমান সম্রাট অক্টাভিয়াস অগাস্টাস সিজারের কাছে মার্ক অ্যান্টনির পরাজয় ও আত্মহত্যা রোমের ইতিহাসে অন্যতম ঘটনা। বিষাক্ত সাপের দংশনে ক্লিওপেট্রার মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা মিথ হয়েছে ইতিহাসে। কেউ বলছে, ক্লিওপেট্রার সঙ্গে সেনানায়কের প্রেমের কারণে দুজনকে হত্যা করা হয়েছিল। অন্যপক্ষ বলছে অ্যান্টনির পরাজয়ের খবর পেয়ে ক্লিওপেট্রা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ঘটনা নিয়ে ইতিহাসবিদরা দুই ভাগে বিভক্ত। তবে অধিকাংশ প্রত্নতাত্ত্বিকের ধারণা, তাদের সমাধি প্রাচীন মিসরের রাজধানী আলেকজান্দ্রিয়া শহরে হতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে ভূমিকম্প, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক বিপর্যয়ে আলেকজান্দ্রিয়ার রাজকীয় অঞ্চল বা ক্লিওপেট্রার প্রাসাদ সংলগ্ন এলাকা পানির নিচে হয়তো তলিয়ে গেছে। তবে এ তথ্য নিয়েও বিতর্ক রয়েছে। এখনো অনেকে সমাধির বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, যা নিয়ে বিতর্ক আজও চলছে।