দীর্ঘ প্রতীক্ষা আর ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। পারমাণবিক শক্তি ও বিদ্যুৎ নিয়ে বিশ্বের বিখ্যাত বিজ্ঞানীরা যেমন অপার সম্ভাবনা ও পরিবেশবান্ধব জ¦ালানির কথা বলেছেন, তেমনি সতর্কতা ও মানবিক দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। সার্বিয়ার উদ্ভাবক, তড়িৎ ও যন্ত্র প্রকৌশলী, যিনি তড়িৎ প্রবাহ ও তারবিহীন তড়িৎ পরিবহন ব্যবস্থা আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন সেই নিকোলা টেসলা বলেছিলেন, ‘পরমাণুতে আবদ্ধ শক্তি অবমুক্ত করার বিষয়টি আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।’ আর যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ, বিজ্ঞানী ডিক্সি লি রে বলেছিলেন, ‘একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র খাবার খাওয়ার চেয়েও অনেক বেশি নিরাপদ, কারণ প্রতি বছর খাবার গলায় আটকে শত শত মানুষ মারা যায়।’ তাদের উক্তিগুলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ১৮ নভেম্বর দেশ রূপান্তরের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে বিশে^র ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করল বাংলাদেশ। আমরা দেশের এই নব অধ্যায়ে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে গর্বিত-আপ্লুত। জ্বালানি উৎপাদন-সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের এই যাত্রা ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে রইল।
বিদ্যুৎ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। যদিও কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু করতে আরও অন্তত ১০ মাস সময় লাগবে বলে সরকারের তরফে জানানো হয়েছে, তবুও আশান্বিত-উচ্ছ্বসিত হওয়ার যে সড়ক নির্ণীত হলো তা তো কম কথা নয়। দেশ রূপান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, একবার বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কেন্দ্রটি টানা ১৮ থেকে ২৪ মাস বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটি ৮৫ থেকে ৯০ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এ থেকে টানা ৬০ বছর বিদ্যুৎ পাওয়া যাবে। সংস্কার করে কেন্দ্রটির আয়ুষ্কাল আরও ২০ বছর বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ একবার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে টানা ৮০ বছর বিদ্যুৎ পাওয়া যেতে পারে। বিদ্যুৎ কিংবা জ্বালানি চাহিদার এই যুগে অনেক বড় বিষয় এবং একই সঙ্গে বিদ্যুতের সংকটকালে দুর্ভাবনা নিরাময়ও বটে। অনেক বিশেষজ্ঞের অভিমত, পারমাণবিক বিদ্যুতের বড় সুবিধা হলো এর পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া। সচেতন মানুষ মাত্রেরই অজানা নয়, আধুনিক বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের মূল চালিকাশক্তি হলো নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ। বাংলাদেশও উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ার পাশাপাশি একটি উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তরের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকেই নানা সময়ে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর অগ্রগতি শুরু হয় ২০০৯ সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোদমে চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের উত্তরাঞ্চলসহ সামগ্রিক শিল্প ও কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তবে অপার সম্ভাবনার পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। নিরাপত্তা ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এর মধ্যে অন্যতম। চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনার ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, সামান্যতম কারিগরি ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। দক্ষ জনবল তৈরি এবং প্রকল্পের ব্যয় সামলানোও একটি বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি, চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও নিতে হয় চ্যালেঞ্জ। ২০১৫ সালের ডিসেম্বরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান-এর সঙ্গে মূল নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের অকৃতিম বন্ধুরাষ্ট্র রাশিয়ার অর্থায়নও এক্ষেত্রে অন্য সব সহযোগিতার বিষয়গুলোও বন্ধুত্ব-সম্পর্কের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার একটি উজ্জ্বল অধ্যায়। পোল্যান্ডের জগৎখ্যাত রেডিয়াম আবিষ্কারক মারিয়া সালোমেয়া স্কুওদফ্স্কা কিরি, যিনি মারি ক্যুরি নামে অধিক পরিচিত, তিনি তেজস্ক্রিয়তা ও পারমাণবিক গবেষণার প্রেক্ষাপটে যথার্থই বলেছেন, ‘জীবনে ভয় পাওয়ার কিছু নেই, সবকিছু শুধু বোঝার বিষয়। এখন সময় এসেছে আরও বেশি বোঝার, যাতে আমরা কম ভয় পাই।’ তার উক্তির আলোকে আমরা নিরাপদ ব্যবস্থায় পারমাণবিক বিদ্যুতের দিগন্তে বিচ্ছুরণ ঘটাব এই প্রত্যাশার শক্তি আমাদের সঞ্চারক হয়ে থাকুক। আমরা মনে করি, যেকোনো কারিগরি সমস্যারই সমাধান সম্ভব, যদি এর পেছনে পর্যাপ্ত মেধা ও সময় ব্যয় করা হয়।