নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজন জাতীয় ঐক্য

বাংলাদেশ আবারও এক উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি। রাজনৈতিক উত্তেজনা, বোমা ও ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। নভেম্বরের প্রথম দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এসব ঘটনা কেবল বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে দেখলে হবে না। এর পেছনে রাজনৈতিক বিরোধ, অপরাধ জগতের পুরনো নেটওয়ার্ক, অর্থের জোগান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা জড়িয়ে আছে। ফলে বর্তমান পরিস্থিতিকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা না করে জাতীয় নিরাপত্তার সামগ্রিক সংকট হিসেবে বিশ্লেষণ করা প্রয়োজন। নভেম্বরের প্রথম দিকের ঘটনাপ্রবাহ পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করেছে। এ মাসে এখন পর্যন্ত ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে ৩৩টি ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি, সরকারি স্থাপনা এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। সর্বশেষ গোপালগঞ্জের ঘটনা দেশেকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও কীভাবে দেশজুড়ে সমন্বিত সহিংস কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়? কারা এসব কর্মকাণ্ডের পরিকল্পনা করছে, অর্থের জোগান দিচ্ছে এবং মাঠপর্যায়ে লোকবল সংগঠিত করছে? রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন অধিকাংশ ক্ষেত্রে ঘটনা সংঘটিত হওয়ার পর তৎপর হচ্ছে? দেশে রাজনৈতিক অস্থিরতা অপরাধী চক্রের জন্য পোয়াবারো। অস্থিতিশীল পরিস্থিতির পূর্ণ সুযোগ তারা গ্রহণ করে থাকে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মনোযোগ যখন রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে, তখন পেশাদার অপরাধীরা নিজেদের নেটওয়ার্ক পুনর্গঠন করে সক্রিয় হয়ে উঠে এবং প্রভাব বিস্তারের চেষ্টা করে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অপরাধ বিশ্লেষকদের মতে, আত্মগোপনে থাকা কোনো কোনো শীর্ষ সন্ত্রাসী দেশের বাইরে অবস্থান করেও সহযোগী সদস্যদের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসী, কিশোর গ্যাং, চাঁদাবাজ এবং ভাড়াটে অপরাধীরা চলমান রাজনৈতিক অস্থিরতাকে ব্যবহার করে আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। তবে রাজনৈতিক সহিংসতা এবং আন্ডারওয়ার্ল্ডের অপরাধমূলক তৎপরতা সব সময় একই উদ্দেশ্যে পরিচালিত হয় না। রাজনৈতিক পক্ষগুলো নিজেদের স্বার্থে অপরাধীদের ব্যবহার করতে পারে, আবার অপরাধী চক্রও রাজনৈতিক অস্থিরতাকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে পারে।

সংগঠিত নাশকতা কখনোই অর্থ ও সাংগঠনিক সহায়তা ছাড়া দীর্ঘ সময় চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিস্ফোরক সংগ্রহ, পরিবহন, লোকবল নিয়োগ, যোগাযোগ রক্ষা এবং অপরাধ সংঘটনের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের আড়াল করার জন্য অর্থের প্রয়োজন হয়। অনেকেই মনে করছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের যেসব নেতা সীমান্ত পাড়ি দিয়েছেন তাদের মধ্যে কিছু নির্বাচিত নেতা হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাঠিয়ে দেশব্যাপী অগ্নিসন্ত্রাসের অর্থ জোগান দিয়ে যাচ্ছেন। এ ছাড়াও হাসিনা সরকারের সুবিধাভোগী দেশের অভ্যন্তরের বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট, পরিবহন খাত এবং নির্মাণশিল্পের কিছু অংশ থেকে আদায় করা চাঁদার অর্থও এসব কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। বর্তমান সংকটের অন্যতম উদ্বেগজনক দিক হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে সম্ভাব্য যোগসাজশ ও তথ্য পাচারের অভিযোগ। বিতারিত সরকারের শাসনামলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগকৃত কিছু পুলিশ কর্মকর্তার রহস্যজনক ভূমিকা, অপরাধীদের সঙ্গে যোগাযোগ এবং অভিযানের আগাম তথ্য ফাঁস হওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রাজনৈতিক যোগাযোগ, প্রশাসনিক পদায়ন এবং অপরাধীদের সহযোগিতার অভিযোগ পাওয়া গিয়েছে। ক্যান্টনমেন্ট থানার অপসারিত ওসি মো. রাকিবুল হাসানের অডিও বিতর্ক এবং পরবর্তী সময়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের প্রকাশের প্রমাণ করে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, পদোন্নতি ও পদায়নের অভিযোগ ছিল। সরকার পরিবর্তনের পর এসব অভিযোগের নিরপেক্ষ পর্যালোচনা এবং প্রশাসনিক সংস্কার প্রয়োজন ছিল। কিন্তু সেই সংস্কার কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় দুর্বলতা হচ্ছে আগাম তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে ঘাটতি। এসব তৎপরতা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য নেই বললেই চলে।

ঘটনা সংঘটিত হওয়ার পর অভিযান, গ্রেপ্তার ও মামলা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের অংশ। কিন্তু শুধু এসব পদক্ষেপের মাধ্যমে সংগঠিত অপরাধ দমন করা যায় না। মূল পরিকল্পনাকারী, অর্থদাতা, বিস্ফোরক সরবরাহকারী এবং অপরাধী নেটওয়ার্কের সংগঠকদের শনাক্ত করতে হবে। এ জন্য স্থানীয় পর্যায়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় নিশ্চিত করা জরুরি। পুলিশের বিশেষ শাখা, গোয়েন্দা পুলিশ, সিআইডি, এসবি, এনএসআই, ডিজিএফআই, বিজিবি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত তথ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পুলিশের পেশাগত মনোবল ও সক্ষমতার বিষয়টিও উপেক্ষা করা যাবে না। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাহিনীর মধ্যে যে প্রশাসনিক ও সাংগঠনিক অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রভাব পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে কি না, তা পর্যালোচনা প্রয়োজন। মাঠপর্যায়ের সদস্যদের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম, প্রযুক্তিগত সক্ষমতা এবং পেশাদার নেতৃত্ব নিশ্চিত করতে হবে। শুধু কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়। বর্তমান পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও দূরত্ব। দেশের বিভিন্ন স্থানে যখন বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং সহিংসতার ঘটনা ঘটছে, তখন জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান থাকা প্রয়োজন। কিন্তু রাজনৈতিক বিরোধ, পারস্পরিক সন্দেহ এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে মতপার্থক্যের কারণে সেই ঐক্য দৃশ্যমান হচ্ছে না।

সরকারের দায়িত্ব যেমন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব হচ্ছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করা। জাতীয় নিরাপত্তাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে হবে। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে শুধু ক্ষমতাসীন দল ক্ষতিগ্রস্ত হয় না; বিরোধী দল, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক সবাই এর শিকার হয়। রাজনৈতিক বিভক্তি যত বাড়বে, সংগঠিত অপরাধী চক্রের জন্য তত বেশি সুযোগ তৈরি হবে। এ অবস্থায় সরকারের উচিত প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে অবিলম্বে একটি সর্বদলীয় জাতীয় নিরাপত্তা সংলাপের আয়োজন করা। রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার বিষয়ে একটি অভিন্ন জাতীয় অবস্থান তৈরি করা দরকার।

প্রয়োজনে একটি সর্বদলীয় জাতীয় নিরাপত্তা পরামর্শক কমিটিও গঠন করা যেতে পারে। এই কমিটি নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবে এবং সরকারকে প্রয়োজনীয় সুপারিশ দেবে। তবে রাজনৈতিক ঐক্যের উদ্যোগ সফল করতে হলে সরকারকে বিরোধী দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার এবং ন্যায়সংগত আচরণের নিশ্চয়তা দিতে হবে। আগামী দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, বিচারিক প্রক্রিয়া এবং প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। এসব বিষয়কে কেন্দ্র করে নতুন করে সহিংসতা সৃষ্টি হলে তার সুযোগ নিতে পারে আন্ডারওয়ার্ল্ড ও সংগঠিত অপরাধী চক্র। তাই সরকারকে কোনো একটি রাজনৈতিক দলের কৌশল বা প্রশাসনিক শক্তির ওপর নির্ভর করে সংকট মোকাবিলা করলে চলবে না। রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান, পেশাদার প্রশাসন, কার্যকর গোয়েন্দা ব্যবস্থা এবং জনগণের আস্থার ভিত্তিতে। সীমান্তে নজরদারি বাড়ানো, অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের অনুপ্রবেশ ঠেকানো, পলাতক অপরাধীদের যোগাযোগ অনুসন্ধান এবং অপরাধের অর্থের উৎস শনাক্ত করার বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে। সরকারের সামনে এখনো একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। প্রশাসনের দলীয়করণ দূর করে পেশাদারত্ব প্রতিষ্ঠা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তুলতে পারলে বর্তমান সংকট মোকাবিলা করা সম্ভব। মনে রাখতে হবে, একটি রাষ্ট্রকে দুর্বল করার অন্যতম কার্যকর উপায় হচ্ছে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি, প্রশাসনের ওপর আস্থা নষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। রাজনৈতিক বিভাজন, দুর্বল গোয়েন্দা ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম একসঙ্গে কাজ করলে যেকোনো সংগঠিত গোষ্ঠী রাষ্ট্রকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।

দেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু বোমাবাজি, অগ্নিসংযোগ কিংবা আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের দমন করা নয়; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত, পেশাদার ও জবাবদিহিমূলক করে তোলা। পুরনো রাজনৈতিক আনুগত্যের জায়গায় নতুন রাজনৈতিক আনুগত্য প্রতিষ্ঠা কোনো সমাধান হতে পারে না। রাষ্ট্র কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়; রাষ্ট্রের মালিক জনগণ। সুতরাং জাতীয় নিরাপত্তা রক্ষায় সরকার, বিরোধী দল, প্রশাসনকে অভিন্ন অবস্থানে আসতে হবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতপার্থক্যও থাকবে; কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা ও জনগণের জীবন রক্ষার প্রশ্নে কোনো বিভাজন থাকা উচিত নয়।

লেখক : অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট।

shams_tauhid@yahoo.com