২২ রানে ৩ উইকেট। শুরুতেই এমন বিপর্যয়ে পড়ার পর জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসটা কত দূর যাবে, তা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের দুর্দান্ত দুই ইনিংসে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪০০ রান। প্রথম ইনিংসের সেই ঘুরে দাঁড়ানোই এখন ম্যাচ বাঁচানোর বিশ্বাস জোগাচ্ছে সফরকারীদের। কঠিন পরিস্থিতিতেও যে লড়াই করা সম্ভব, সেটি একবার দেখিয়েছে দল। শেষ দিনেও সেই বিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় তারা।
যদিও ম্যাচের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য বেশ কঠিন। প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শুরুতে আবারও বিপর্যয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ৮৮ রানে হারায় ৫ উইকেট। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। ইনিংস হার এড়াতে এখনো প্রয়োজন ৫৭ রান। লিটন দাস ১২ ও মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত। শেষ দিনে এই দুজনের ব্যাটেই বড় ভরসা বাংলাদেশের।
দলের পেসার হাসান মাহমুদ অবশ্য এখনো আশাবাদী, ‘এখন যদি জুটি বানাতে পারি, চেষ্টা করব কীভাবে আমরা নিজেদের এখান থেকে বাঁচাতে পারি। আমার মনে হয় যে আমরা পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রান থেকে যেহেতু আমাদের রান ৪০০ হয়েছে, এখনও আমরা বিশ্বাস করি ভালো একটা জুটি গড়তে পারলে ভালো রান করতে পারব।’
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া হাসান অবশ্য শেষ দিকে প্রতিপক্ষের লেজের ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখতে না পারার আক্ষেপও লুকাননি, ‘ওদের টেইলএন্ডাররা আসাতে কিছু রান লিক হয়েছে। চেষ্টা করেছিলাম এক জায়গায় বল করে যাব। হয়নি সেভাবে। অত চাপ দিতে পারিনি তাদের টেইলএন্ডারকে। ওরা পরে ভালো স্কোর করে ফেলে। আমরা যখন ব্যাটিংয়ে নামি, দ্রুত কিছু উইকেট পড়ে যায়। দেখা যায়, এখানে আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নেই। ২-৩টি ভালো জুটিতে যদি ভালো দিন গড়তে পারি, চেষ্টা করবে অবশ্যই ব্যাটাররা।’
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৬তম ওভারে নিজের বলেই ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হন হাসান। মার্কেস অ্যাকারম্যানের সোজা ড্রাইভ ঠেকাতে গিয়ে বলটি তার কপালে আঘাত করে। মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে উঠে দাঁড়িয়ে আবার বোলিংয়ে ফেরেন। সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে হাসান বলেন, ‘বল হাতে লাগার পর এক সেকেন্ডের জন্য সব অন্ধকার হয়ে যায়। পরে উঠে দাঁড়াই এবং বোলিংয়ে ফিরি। মাঝে কনুইয়ে কিছুটা অস্বস্তি অনুভূত হয়েছিল। পরে ক্যারি অন করেছি এবং বোলিং চালিয়ে গিয়েছি।’
নিজের বোলিংয়ের ধরন নিয়ে হাসানের ব্যাখ্যা, ‘আগ্রাসন ব্যাপারটি আসলে ব্যক্তিভেদে একেকরকম হয়। আমি অতটা আগ্রাসী হই না। আমি কেবল বল করে যাই, লেন্থে হিট করি, চাপ সৃষ্টি করি, নিজের কাজটা চালিয়ে যাই।’