অপরিচ্ছন্ন শৌচাগার জনস্বাস্থ্যের জন্য হুমকি

সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ জরুরি। ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখাও প্রত্যেকের দায়িত্ব। এ ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত শৌচাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এমন শৌচাগার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে।

অস্বাস্থ্যকর শৌচাগার ও অপর্যাপ্ত পয়োনিষ্কাশনব্যবস্থা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। খোলা জায়গায় মলত্যাগ, অপরিচ্ছন্ন শৌচাগার এবং বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার কারণে মাটি ও পানির উৎস দূষিত হয়। এর ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও স্বাভাবিক বেড়ে ওঠা এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই রোগ প্রতিরোধ ও সুস্থ পরিবেশ বজায় রাখতে নিরাপদ শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

শৌচাগারের সঙ্গে মানুষের ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তার বিষয়টিও জড়িত। বিশেষ করে নারী ও মেয়েশিশুর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও পৃথক শৌচাগারের ব্যবস্থা থাকা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও জনসমাগমস্থলে পর্যাপ্ত শৌচাগার না থাকলে নারীরা নানা ভোগান্তির শিকার হন। একইভাবে প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের ব্যবহারের উপযোগী শৌচাগার নির্মাণেও গুরুত্ব দেওয়া দরকার।

ইসলাম পবিত্রতাকে ইমানের সঙ্গে সম্পৃক্ত করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অঙ্গ।’ (সহিহ মুসলিম) মহান আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা তওবা ১০৮) এই শিক্ষা থেকে বোঝা যায়, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পবিত্রতা একজন মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

ইসলাম জনসাধারণের ব্যবহার্য স্থান ও পানির উৎস দূষিত করতে নিষেধ করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অভিশাপের কারণ হয় তোমরা এমন দুটি কাজ থেকে বেঁচে থাকো।’ সাহাবিরা জানতে চাইলে তিনি বলেন, মানুষের চলাচলের পথে কিংবা তাদের বিশ্রামের ছায়াযুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করা। (সহিহ মুসলিম) অন্য হাদিসে স্থির পানিতে প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে। (সহিহ মুসলিম) এসব নির্দেশনা পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে।