প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি হিসেবে এভারেস্টে নাকিব

প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছে রাশাদ নাকিব। আরেক সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে হিমালয়ের দুর্গম পাহাড়ি পথ ধরে দীর্ঘ ৯ দিন হেঁটে তিনি এই সাফল্য অর্জন করেন। গতকাল মঙ্গলবার ভারতের একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছাতে রাশাদ নাকিবকে পার হতে হয়েছে এক কঠিন পথ। পাহাড়ি জনপদ পেরিয়ে এবং হিমশীতল আবহাওয়ায় পাথুরে ও বরফঢাকা পথ পাড়ি দিতে তিনি মূলত ব্যবহার করেছিলেন ট্রেকিং পোল (হাঁটার লাঠি), নিজস্ব স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মুখের নির্দেশনা। আগে এভারেস্টজয়ী অভিজ্ঞ পর্বতারোহী বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহায়তায় এ অভিযানের নেতৃত্ব দেন। পরিবর্তনশীল ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথে রাশাদ নাকিবকে পথ দেখানোর অভিজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন আল-শাইবানি। তিনি লিখেছেন, ‘পথের ধরন বদলালে বা সামনে কোনো খাড়া ধাপ থাকলে আমি তাকে বলে দিতাম। তিনি আমার কণ্ঠ এবং পাথরের ওপর বুট জুতার শব্দ শুনতেন। তিনি তার লাঠি দিয়ে ও পায়ের নিচে মাটি স্পর্শ করে পথের অবস্থা অনুভব করতেন।’

আল-শাইবানি বলেন, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’

রাশাদ নাকিব তার অভিযানকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে বলেন, ‘বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতা সত্ত্বেও পথপ্রদর্শকদের ওপর অগাধ বিশ্বাস প্রতিটি পদক্ষেপে তাকে মনোযোগী থাকতে সাহায্য করেছে। সৌদি নাগরিকদের মধ্যে রাশাদ নাকিব প্রথম হলেও বিশ্বে এর আগেও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা সফলভাবে এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছেছেন।