যুদ্ধ কি আবার শুরু হচ্ছে

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার কূটনৈতিক উদ্যোগ থমকে থাকার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের  সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই থাকা অপর দুটি রণতরীতে যোগ দিল। যুক্তরাষ্ট্র ও ইরান গত এপ্রিলে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। জুনে একটি বিস্তৃত সমঝোতা স্মারকের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সে ঘোষণা ভেঙে যায়।

এরপর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত মার্চের সেই সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চলকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ট ট্রাম্পের শোচনীয় পরাজয় হয়। অনেকটাই নমনীয় হন ট্রাম্প।  গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি বদলালে মার্কিন সামরিক বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকবে বলে সতর্ক করে দেন ট্রাম্প।

ইউএসএস থিওডর রুজভেল্টের বৈশিষ্ট্য :  যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে নামকরণ করা এ রণতরী পারমাণবিক শক্তিচালিত। ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজে ৫ হাজারের বেশি সেনা ও কর্মী এবং ৬০টির বেশি উড়োজাহাজের পূর্ণাঙ্গ একটি এয়ার উইং থাকে। এর মধ্যে রয়েছে দুই ইঞ্জিনবিশিষ্ট, শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এবং সব ধরনের আবহাওয়ায় বহুমুখী ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান এফ-১৮। এ রণতরীর মূল কাজ হলো, ‘রণতরীভিত্তিক আকাশযুদ্ধ পরিচালনা করা এবং এ ধরনের যুদ্ধের সমর্থনে এয়ার উইং স্কোয়াড্রনগুলোর পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও সংহতিতে সহায়াতা করা’। সম্মুখযুদ্ধের পাশাপাশি এ রণতরী সমুদ্রে থাকা অন্য জাহাজগুলোতে রসদ ও জ্বালানি সরবরাহ করে। এ ছাড়া শরণার্থীসহ সমুদ্রে বিপদগ্রস্ত লোকজনকে উদ্ধারেও অংশ নেয়। গত অক্টোবরে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছিলেন, ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। আরেকজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, রণতরীটি ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

গত মাসে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, ২ হাজারের বেশি মেরিন সেনা নিয়ে ‘ম্যাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ (এআরজি)’ ইউএসএস থিওডর রুজভেল্টের পিছু পিছু মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, রণতরী স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য নৌ-মোতায়েনের আওতায় নাবিক,  মেরিন সেনাসহ সব মিলিয়ে অতিরিক্ত ৯ হাজার থেকে ১০ হাজার সেনা যুক্ত হতে পারেন। তবে মার্কিন সামরিক বাহিনী এখনো এসব মোতায়েনের বিষয় নিশ্চিত করেনি। গত মার্চে পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে অতিরীক্ত মার্কিন সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিল। এ অতিরীক্ত সেনাবহর তিনটি দলে বিভক্ত ছিল। প্রথম দল ‘ত্রিপোলি এআরজি’ ছিল উভচর হামলাকারী জাহাজ ইউএসএস ত্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে (এমইইউ) কেন্দ্র করে গঠিত।

দ্বিতীয় দলটি ছিল ‘বক্সার এআরজি’। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়াভিত্তিক ওয়াস্প শ্রেণির উভচর হামলাকারী জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম এমইইউ নিয়ে এটি গঠিত। এ দুটি মেরিন দল মিলে অঞ্চলটিতে ৪ হাজার ৫০০ মেরিন সেনা ও নাবিক যুক্ত রয়েছেন। তৃতীয় দলটিতে ছিলেন প্রায় ২ হাজার সেনা, যারা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগভিত্তিক ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ‘ইমিডিয়েট রেসপন্স ফোর্স’র সদস্য। ছত্রীসেনাদের এই পদাতিক ডিভিশনটি প্যারাস্যুট হামলায় বিশেষভাবে প্রশিক্ষিত।

সব মিলিয়ে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে প্রায় ৭ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ দিয়ে রাখবেন আর ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।