গিয়াসউদ্দিন সেলিমের জীবন

গিয়াসউদ্দিন সেলিম বাংলাদেশের একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা। তার সৃষ্টিশীল কাজগুলোতে গ্রামীণ জীবন, মানবিক সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ ও সামাজিক বাস্তবতার গভীর প্রতিফলন দেখা যায়। বিশেষ করে ‘মনপুরা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি জাতীয় ও আন্তর্জাতিক দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন এবং বাংলাদেশি সিনেমায় এক নতুন ধারার সূচনা করেন। গিয়াসউদ্দিন সেলিম বাংলাদেশের ফেনী জেলার সদর উপজেলার জাহানপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব ও কৈশোর কেটেছে। গ্রামীণ পরিবেশ ও স্থানীয় সংস্কৃতি তার শিল্পচেতনায় গভীর প্রভাব ফেলেছে, যা পরে তার চলচ্চিত্রগুলোর বিষয়বস্তু ও চরিত্র নির্মাণে স্পষ্টভাবে ফুটে উঠেছে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত তিনি ফেনীতে পড়াশোনা করেন। এরপর রাজশাহী বিশ^বিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ভর্তি হন। বিশ^বিদ্যালয় জীবনে তিনি শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকেননি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বিশ^বিদ্যালয় থিয়েটার রাজশাহী’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। এই থিয়েটার দলের মাধ্যমে তিনি নাট্যচর্চায় জড়িয়ে পড়েন এবং মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনার অভিজ্ঞতা অর্জন করেন। ফেনীতেও তিনি সুবচন নাট্যদলসহ বিভিন্ন স্থানীয় নাট্যগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন। এই অভিজ্ঞতাগুলোই পরে তাকে লেখালেখি ও পরিচালনার দিকে ঠেলে দেয়।

কর্মজীবনের শুরুতে গিয়াসউদ্দিন সেলিম চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করেন। টেলিভিশন নাটক ও ধারাবাহিকের জন্য গল্প ও সংলাপ লিখতেন তিনি। ধীরে ধীরে তিনি পরিচালনার দিকে মনোযোগ দেন। তার প্রথম পরিচালিত টেলিভিশন ধারাবাহিক ছিল ‘বিপ্রতীপ’। এই ধারাবাহিক দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় এবং তাকে একজন সফল নাট্যনির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর তিনি আরও বেশ কিছু টেলিভিশন নাটক ও ধারাবাহিক পরিচালনা করেন, যার মধ্যে ‘বিশ্বাস’ উল্লেখযোগ্য। টেলিভিশন মাধ্যমে কাজ করার সময় তিনি দেখেছিলেন যে অনেক সময় লেখকের কল্পনা পরিচালকের হাতে সঠিকভাবে রূপান্তরিত হয় না। এই অনুভূতি থেকেই তিনি নিজে পরিচালনায় হাত দেন।

২০০৯ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মনপুরা’। এই চলচ্চিত্রটি বাংলাদেশি সিনেমার ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হয়। নদীর তীরবর্তী এক গ্রামীণ পরিবেশে প্রেম, বিচ্ছেদ, প্রতিশোধ ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এর আগে ২০০৩ সালে ‘আধিয়ার’ চলচ্চিত্রের গল্প লেখার জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবেও জাতীয় পুরস্কার পান। এই দুই পুরস্কার তার সৃষ্টিশীলতার স্বীকৃতি বহন করে।

‘মনপুরা’র সাফল্যের পর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৮ সালে তিনি নির্মাণ করেন ‘স্বপ্নজাল’। এই চলচ্চিত্রেও তিনি মানবিক সম্পর্ক ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে গল্প বলেন। এরপর ২০২২ সালে একই বছরে দুটি চলচ্চিত্র মুক্তি পায় ‘গুণিন’ ও ‘পাপ পুণ্য’। ‘পাপ পুণ্য’তে চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদের অভিনয় এবং ‘গুণিন’-এ সরিফুল রাজ ও পরীমনির উপস্থিতি দর্শকদের আকর্ষণ করে। এই চলচ্চিত্রগুলোতেও তিনি গ্রামীণ জীবন ও মানবিক দ্বন্দ্বকে কেন্দ্র করে কাহিনি গড়ে তোলেন।

২০২৪ সালে মুক্তি পায় তার আরেকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ‘কাজলরেখা’। এটি একটি সংগীতময় রূপকথাধর্মী চলচ্চিত্র, যা আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি পায়। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ওঋঋজ) লিমলাইট বিভাগে নির্বাচিত হয়ে ইউরোপীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হয় এই ছবির। এ ছাড়া তিনি ‘গাঁইয়া’সহ বেশ কিছু ওয়েব ফিল্ম ও শর্ট ফিল্মও নির্মাণ করেছেন। বর্তমানে তিনি ‘সেপারেশন’সহ আরও কিছু প্রকল্পে কাজ করছেন।

গিয়াসউদ্দিন সেলিম শুধু নিজে সিনেমা বানাননি, তিনি নতুন প্রজন্মের চলচ্চিত্রকর্মীদেরও অনুপ্রেরণা দিয়েছেন। তার সহকারী পরিচালকদের নিয়ে তিনি ‘বাঙাল সিনেমা’ নামে একটি প্রোডাকশন গ্রুপ গড়ে তোলেন। এই গ্রুপের মাধ্যমে তরুণ পরিচালক ও শিল্পীরা সিনেমা নির্মাণের সুযোগ পাচ্ছেন।

সেলিম তার সিনেমায় বাংলার মাটি ও মানুষের গল্পকে শিল্পের মর্যাদা দিয়েছেন। লোককাহিনি, গ্রামীণ জীবনের সরলতা ও মানুষের গভীর অনুভূতিকে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেন। তার কাজ বাংলাদেশি চলচ্চিত্রকে নতুন মাত্রা দিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও স্বীকৃতি এনে দিয়েছে।